বাজারে ভালোমানের চালের দাম কমেছে, মোটা চালের দাম অপরিবর্তিত
বাজারে নাজিরশাল ও মিনিকেট চালের দাম এবং পেয়াজের দাম কমেছে। যদিও গতসপ্তাহের তুলনায় শুক্রবার শাকসবজি বিশেষত কাঁচা মরিচ দাম কেজি প্রতি ৮ টাকা ও মসুরের ডালের দাম কেজি প্রতি ২ টাকা বেড়েছে।
ঢাকার কাওরানবাজারে ভালমানের মিনিকেট ও নাজিরশাইল কেজি প্রতি গত সপ্তাহের দাম যথাক্রমে ২৭ ও ৩১ টাকা থেকে এ সপ্তাহে এক টাকা ও তিন টাকা কমে ২৬ ও ২৮ টাকায় দাঁড়েয়েছে। যদিও মোটা চালের দাম গত সপ্তাহের মত ১৮ টাকায় বিক্রি হয়েছে।
দেশী পেঁয়াজ কেজি প্রতি ২ টাকা কমে শুক্রবার বিক্রি হয়েছে ২২ টাকায়।
গতকাল কাঁচা মরিচ কেজি প্রতি বিক্রি হয়েছে ৪০ টাকা ও মসুরের ডালের দাম কেজি প্রতি ৪৮ টাকায় বিক্রি হয়েছে।
মাছের বাজারে মাঝারি মানের ইলিশ বিক্রি হয়েছে কেজি প্রতি ২০০ থেকে ২৫০ টাকা দামে। অন্যদিকে ছোট পাঙ্গাস বিক্রি হয়েছে কেজি প্রতি ৬০ থেকে ৬৫ টাকা এবং ছোট রুই মাছ ও তেলাপিয়ার দাম কেজি প্রতি বিক্রি হয়েছে ৮০ টাকায়।
ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সবজি বিভিন্ন বাজারে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে।
বাজারে গরুর মাংসের দাম কেজি প্রতি ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হলেও বয়লার মুগরীর দাম ছিল প্রায় ৭৫ টাকা। অন্যদিকে দেশী মুরগীর দাম কেজি প্রতি ছিল ১০০ থেকে ১৪০ টাকায়।
