২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমে যাচ্ছে জামদানি রপ্তানি

নগদ অর্থ সহায়তা প্রত্যাহার করে নেওয়ার পর বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি রপ্তানি কমে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2005, 06:41 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

রপ্তানি উন্নয়ন ব্যুরো জানায়,  বাংলাদেশ ১৯৯৬-৯৭ অর্থবছরে ৫৯ হাজার মার্কিন ডলার মূল্যের জামদানী শাড়ী রপ্তানি করে। এর পরের বছর (১৯৯৭-৯৮) এ খাতে নগর অর্থ সহায়তা দেওয়ার কারণে রপ্তানির পরিমাণ আরও বৃদ্ধি পায়।

ওই বছর এ খাত থেকে ১৯ দশমিক ৬ লাখ ডলার বৈদেশিক মুদ্রা আয় হয়। কিন্তু তার পরবর্তী অর্থবছরে এ খাতে নগদ অর্থ সহায়তা বন্ধ করে দিলে রপ্তানি আয় ৪ দশমিক ৫ লাখ ডলারে নেমে আসে।

১৯৯৯-২০০০ অর্থ বছরে জামদানি রপ্তানি আয়ের পরিমাণ ছিল মাত্র ২১ হাজার ডলার। তবে ২০০০-০১ অর্থবছরে তা বেড়ে ৪১ হাজার ডলারে দাঁড়ায়।

পরবর্তী অর্থবছর (২০০১-০২) জামদানি রপ্তানি আয়ের পরিমাণ ছিল শূন্য। তবে ২০০২-০৩ অর্থবছরে রপ্তানি আয় ছিল ৩১ হাজার ডলার। ২০০৩ সালের জুন থেকে ২০০৪ সালের জুন পর্যন্ত মোট জামদানি রপ্তানির পরিমাণ ছিল ৫১ হাজার ডলার।

সরকার জামাদানি রপ্তানি বাড়াতে ১৯৯৭ সালে এ খাতে ২৫ শতাংশ নগদ সহায়তা চালু করে। ২০০০ সালের মে মাসে তা ১৫ শতাংশে নামিয়ে আনা হয়। পরবর্তীতে নগদ অর্থ সহায়তা ২০০৩-০৪ অর্থবছরে ১০ শতাংশে এবং চলতি অর্থবছরে ৫ শতাংশে নামিয়ে আনা হয়।

বাংলাদেশ ভারত, দক্ষিণ কোরিয়া, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র ও ভূটানে জামদানি শাড়ি রপ্তানি করে থাকে। এর মধ্যে ভারত বাংলাদেশী জামদানি শাড়ির সবচেয়ে বৃহৎ আমদানিকারক।

জামদানি রপ্তানি সমিতি’র সহসভাপতি কামাল সরকার বলেন, জামদানি রপ্তানি কমে যাওয়ার অন্যতম বড় কারণ হচ্ছে এর উৎপাদন কম।

তিনি বলেন, স্থানীয় রপ্তানিকারকরা বছরে মাত্র ৪০ লাখ পিস শাড়ি রপ্তানি করতে সক্ষম। সরকারের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা কমিয়ে দেওয়ার কারণে উৎপাদকরা জামদানি তৈরিতে আগ্রহ হারিয়ে ফেলছে।

তবে রপ্তানি উন্নয়র ব্যুরোর এক কর্মকর্তা বলেন, অনেক রপ্তানিকারকই নগদ সহায়তার টাকা অপব্যহার করে থাকে।