মিডিয়া এখন দেশের সবচেয়ে বড় শত্রু: সাইফুর
সরকারের ইতিবাচক সংবাদগুলো গণমাধ্যম পরিবেশন করছে না অভিযোগ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমান বৃহস্পতিবার বলেছেন, বর্তমানে মিডিয়া দেশের সবচেয়ে বড় শত্রু।
বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহনগর নাট্যমঞ্চে আয়োজিত এক আলোচনা সভায় তিনি দেশের গণমাধ্যমগুলোর বিরুদ্ধে বিষোদগার করেন।
সাইফুর রহমান বলেন, সংবাদপত্র সব সময় আমাদের খারাপ দিকটিকে তুলে ধরছে। দেশের কল্যাণে আমরা যে কাজ করেছি, সে সব অনেক ভাল সংবাদ হতে পারে। কিন্তু সেদিকে মিডিয়াগুলোর কোনো খেয়াল নেই।
নাম উল্লেখ না করেই অর্থমন্ত্রী কয়েকটি সংবাদপত্রকে আওয়ামী লীগের সমর্থক বলে অভিযোগ করে বলেন, ওই সমস্ত পত্রিকার সংবাদ পড়লে মনে হয় দেশ যেনো একেবারেই রসাতলে যাচ্ছে।
সাইফুর রহমান বলেন, বর্তমানে মিডিয়া দেশের সবচেয়ে বড় শত্রু।
মন্ত্রীর এই বক্তব্যের পর পরই মিলনায়তনে উপস্থিত দলীয় নেতা কর্মীরা বিপুল করতালি দিয়ে তাকে উৎসাহ ও সমর্থন জানায়।
পত্রিকায় প্রকাশিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির সংবাদের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি শুধুমাত্র বাংলাদেশের জন্য মৌলিক সমস্যা নয়, এ সমস্যা এখন সারা বিশ্ব সমানভাবেই মোকাবিলা করছে।
