ভারতের প্রস্তাবিত ১৫০ মিলিয়ন ডলার ঋণ পাওয়ার ব্যাপারে কোনও অগ্রগতি নেই
বাংলাদেশের রেলওয়ে অবকাঠামো উন্নয়নের জন্য ভারত যে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রস্তাব দিয়েছিল সে ব্যাপারে সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ের আলোচনায় কোনও অগ্রগতি হয়নি।
মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন এমন একজন জানান, দ্বিতীয় পর্যায়ের সমঝোতা বৈঠকে এ ব্যাপারে কোনও অগ্রগতি হয়নি। তিনি বলেন, এটি একটি চলমান পক্রিয়া এবং ঐক্যে পৌঁছতে আরও বেশি সময় লাগতে পারে।
তিনি আরও জানান, আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনের সময় এ নিয়ে আলোচনা হতে পারে।
অর্থনীতি সম্পর্ক বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ মেসবাহউদ্দিনের নেতৃত্বে সরকারের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল ঋণের ব্যাপারে ২২ ও ২৩ আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লীতে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেয়।
ঢাকায় ২০০৪ সালের ৬ থেকে ৯ আগস্ট যুগ্মসচিব পর্যায়ের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
ভারতের প্রস্তাবিত ১৫০ মিলিয়ন ডলার ঋণের সাহায্যে চারটি রেলওয়ে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। তবে অর্থনীতি সম্পর্ক বিভাগের কর্মকর্তারা এসব প্রকল্পের নাম জানাতে অস্বীকৃতি জানায়।
