একনেক বৈঠকে ২,৯৩৫ কোটি টাকার সাত প্রকল্প অনুমোদিত
জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী কমিটি বুধবার মোট দুই হাজার নয় শ’ ৩৫ কোটি টাকার সাতটি প্রকল্প অনুমোদন করেছে।
এসব প্রকল্পের বাইরে সরকার আরও পাঁচটি প্রকল্পে অর্থ যোগান দেবে। এছাড়া চলমান দুটি প্রকল্পে মোট এক হাজার সাত শ’ ৮২ কোটি টাকার মধ্যে ডেনমার্ক ও চীন মোট এক হাজার এক শ’ ৫৭ কোটি টাকা বরাদ্দ দেবে।
জাতীয় অর্থনৈতিক কাউন্সিল মিলনায়তনে বুধবার এ সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের বিকল্প চেয়ারম্যান ও অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, বড়পুকুরিয়ায় কয়লা নির্ভর ৩০০ মেগাওয়াট পাওয়ার প্লান্ট বাস্তবায়নের মাধ্যমে দেশের বিদ্যুৎ ঘাটতি উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব।
দেশব্যাপী ৬৭টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় বিদ্যুতায়নের জন্য সরকার ৭২৪ কোটি টাকা ব্যয়ে অপর একটি প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দিয়েছে বলেও তিনি জানান।
অন্য আরও দুটি প্রকল্প হচ্ছে, ১১৫ কোটি টাকা ব্যয়ে বৃহত্তর খুলনার অবকাঠামো উন্নয়ন এবং ১২২ কোটি টাকা ব্যয়ে ফেনী ও লক্ষ্মীপুর জেলার অবকাঠামো উন্নয়ন প্রকল্প।
কাউন্সিল এছাড়া ৩১৪ কোটি টাকা ব্যয়ে আরও তিনটি সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন করে। প্রকল্পগুলোর আওতায় মোট ১৯৬ কোটি টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রামের ছয়টি সড়ক নির্মাণ করা হবে।
নির্বাহী কমিটির বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল হক, শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক, কৃষিমন্ত্রী এমকে আনোয়ার, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আনোয়ার কবির তালুকদার, জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ উপস্থিত ছিলেন।
