তেলের মূল্য বাড়াতে বিশ্ব ব্যাংকের পরামর্শ , উন্নয়ন তহবিল ছাড় বিলম্বিত হবে
আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধির সাথে সঙ্গতি রক্ষার জন্য বিশ্বব্যাংক মঙ্গলবার সরকারের কাছে আরেক দফা তেলের মূল্য বৃদ্ধির সুপারিশ করেছে।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের সাথে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের সেক্টর পরিচালক ড. সাদিক আহমেদ বলেন, সরকার জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রাখলে দেশের সমষ্টিক অর্থনীতিতে এর প্রভাব পড়তে পারে।
এ ব্যাপারে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের মন্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, এখনও আমরা এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেইনি। তবে খুব শিগগিরই তেলের দাম পর্যালোচনা করা হবে।
তিনি বলেন, সরকার বাংলাদেশ পেট্রোলিয়াম কপোরেশনকে (বিপিসি) প্রতি বছর শ’শ’ কোটি টাকা ক্ষতি পূরণ দেয়। গত অর্থবছরে বিপিসির ক্ষতির পরিমাণ ছিল ২৭শ’ কোটি টাকা। চলতি বছর এই পরিমাণ চার হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
অর্থমন্ত্রীর সাথে আলোচনাকালে বিশ্বব্যাংকের কর্মকর্তারা উন্নয়ন সহায়তা তহবিল, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন, সুশাসন, ব্যাংকিং ও রাজস্ব খাতের সংস্কারসহ (তৃতীয় দফা) বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।
এ সময়ে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিন আই ওয়ালিক উপস্থিত ছিলেন।
ড. সাদিক বলেন, সরকার তেল আমদানির ওপর ভর্তুকি অব্যাহত রাখলে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতের কী হবে?
তিনি আরও বলেন, আমরা তেলের মুল্য আর্ন্তজাতিক বাজারের সমান করতে বলিনি। এই অঞ্চলে বাংলাদেশের তেলের মুল্য সবচেয়ে কম।
তিনি অর্থনীতির ওপর প্রস্তাবিত মুল্য বৃদ্ধির কোনও প্রভাব পড়ার সম্ভাবনা বাতিল করে দেন।
কিন্তু সরকারের আবেদন সত্ত্বেও তিনি ব্যাংকের ২শ’ মিলিয়ন মার্কিন ডলারের তৃতীয় দফা উন্নয়ন সহায়তা তহবিল (ডিএসসি) ছাড়ের কোনও নির্দিষ্ট তারিখ বলতে পারেন নি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী জুলাইয়ের মধ্যে ব্যাংক উন্নয়ন সহায়তা তহবিল ছাড় দিতে পারবেনা।
ড. সাদিক বলেন, সরকার বিভিন্ন খাতের সংস্কার করছে এবং বেশ কয়েকটি খাতে বিশেষ করে ব্যাংকিং ও রাজস্ব খাতে সুফলও পাচ্ছে। খুব শিগগিরই কমপ্লায়েন্স ইস্যু মুল্যায়ন অ্যাপ্রাইজাল কমিটি বাংলাদেশে আসবে এবং ডিএসসি’র ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
তবে অন্য কাজে ব্যস্ত থাকায় মন্ত্রী এ ব্যাপারে সংবাদ মাধ্যমের সাথে কোনও কথা বলেন নি।
