বেসরকারি অবকাঠামো খাতে বিনিয়োগের জন্য মান্নান ভূঁইয়ার আহ্বান
স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বেসরকারি অবকাঠামো খাতে বিনিয়োগের জন্য উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, দেশে বর্তমানে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। সীমাবদ্ধতা থাকায় সরকার সব কিছু করতে পারছে না। তাই বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে।
ঢাকার শেরাটন হোটলে মঙ্গলবার আয়োজিত আন্তর্জাতিক সেমিনারের সমাপণি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বাংলাদেশ ব্যাংক ও বিনিয়োগ বোর্ড আয়োজিত ‘বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে অর্থায়ন’ শীর্ষক দুদিনব্যাপী এ সেমিনারের সমাপণি অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক।
এরআগে সেমিনারে সুপারিশমালা তুলে ধরেন বাংলাদেশ ব্যাংক গভর্নরের উপদেষ্টা ড. শাহাবুদ্দিন এম. হোসেন, আইআইএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও আইবিএম’র তোফায়েল চৌধুরী।
আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, সরকার বেসরকারি খাতে অবকাঠামো উন্নয়নের ব্যাপারে খুবই আগ্রহী। এজন্য বিভিন্ন খাতে ব্যাপক সংস্কার করা হয়েছে। সংস্কারের জন্য জ্বালানী ও টেলিকম খাতে দুটি রেগুলেটরি কমিশন গঠন করা হয়েছে।
ব্যারিস্টার আমিনুল হক বলেন, দেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে। এ জন্য সরকার একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রস্তুত করেছে। এর আওতায় দেশে পাঁচটি বেসরকারি টেলিকম কোম্পানি ইতিমধ্যেই প্রায় ৬৫ লাখ গ্রাহক সৃষ্টি করেছে। তিনি এ খাতে আরো বেসরকারি বিনিয়োগের আহ্বান জানান।
