আন্তর্জাতিক সেমিনারে ব্যাংকগুলোতে দীর্ঘমেয়াদি তহবিল গঠনের সুপারিশ
বিদ্যুত, টেলিকম ও বন্দরসহ অবকাঠামো উন্নয়নে ব্যাংকগুলোতে দীর্ঘমেয়াদি তহবিল গঠনসহ বেশ কিছু সুপারিশ গ্রহণের মধ্য দিয়ে ‘বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে অর্থায়ন’ শীর্ষক দুদিন ব্যাপি আন্তর্জাতিক সেমিনার মঙ্গলবার শেষ হয়েছে।
বাংলাদেশ ব্যাংক ও বিনিয়োগ বোর্ডের যৌথ উদ্যোগে ঢাকার শেরাটন হোটেলে এ সেমিনারের আয়োজন করা হয়। বিশ্বব্যাংকের সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের প্রায় ১৬ জন প্রতিনিধি যোগ দেন।
এছাড়া এতে বিশ্বব্যাংক, আইএফসি, এডিবি, আইএমএফসহ বিভিন্ন ব্যাংক, দেশীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা যোগ দেন।
সেমিনারে গৃহিত সুপারিশগুলোর মধ্যে রয়েছে, অবকাঠামো উন্নয়নে ব্যাংকগুলোতে দীর্ঘমেয়াদি তহবিল গঠন, দেশী ও বিদেশী এবং সরকারি ও বেসরকারি অর্থায়নে অবকাঠামো তহবিল গঠন, বিদ্যুত খাতে বিদেশী ও বেসরকারি আকর্ষণে রেগুলেশন প্রণয়ন, সার্কেট সম্প্রসারণের সাথে সাথে প্রয়োজনে রেগুলেশনে পরিবর্তন-ইত্যাদি।
এছাড়াও টেলিকম খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের আন্তরিকতার বহিঃপ্রকাশ, বাংলাদেশে টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ বোর্ড (বিটিটিবি) সংস্কার, টেলিকম কৌশলপত্র প্রণয়ন, গ্রামীণ টেলিকমের সুবিধা বৃদ্ধি, টেলিকম নীতি প্রণয়ন, আন্তঃসংযোগ নীতি তৈরী, টেলিকম ও তথ্য প্রযুক্তি আইন প্রণয়ন এবং বাংলাদেশ টেলি কমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) বাজেট প্রণয়ন, বেতন কাঠামো তৈরী ও জনবল নিয়োগের ক্ষমতা দেওয়ার সুপারিশ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপদেষ্টা ও সেমিনারের সমন্বয়ক ড. শাহাবুদ্দিন এম. হোসেন বিডিনিউজকে জানান, সুপারিশগুলো প্রতিবেদন আকারে সরকারের কাছে পাঠানো হবে। সরকার যাতে এসব সুপারিশ বাস্তবায়ন করতে পারে এজন্য প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হবে।
এ সময় আইআইএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, আইবিএমের তোফায়েল চৌধুরী উপস্থিত ছিলেন।
