২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ানমার ও তুরস্ক থেকে পিয়াঁজ আমদানি করতে সরকারের সহায়তা চেয়েছে ব্যবসায়িরা

পিয়াঁজের মূল্যের উর্ধ্বগতি রোধ করতে ব্যবসায়িরা মায়ানমার ও তুরস্ক থেকে পিয়াঁজ আমদানির জন্যে সরকারের সহযোগিতা চেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2005, 09:47 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় তারা এই আবেদন জানান। সভায় ব্যবসায়িরা উল্লেখ করেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে ভারতীয় রপ্তানিকারকরা পিয়াঁজের মূল্য বৃদ্ধি করে থাকে।

বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কৃষিপন্য আমদানিকারক সমিতির ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক খন্দকার বাবুল এ প্রসঙ্গে বলেন, মায়ানমার ও তুরস্কের প্রকৃত রপ্তানিকারকদের সঙ্গে যোগাযোগ করতে আমরা সরকারের সহযোগিতা চাই। আমরা অসৎ ব্যবসায়িদের দ্বারা প্রতারিত হতে চাই না।

তিনি আরও বলেন, ভারতীয় রপ্তানিকারকরা প্রায় সময় রমজান মাসে উচ্চ চাহিদার সুযোগ গ্রহণ করে। কিন্তু আমাদের যদি বহুমুখি সুযোগ থাকে, তবে বেশি মূল্য দাবি করার আগে তারা পরিস্থিতি বিবেচনা করবে।

বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ব্যবসায়িদের এই প্রস্তাব আমরা বিবেচনা করবো। সরকারের সিদ্ধান্ত যথাসময়ে তাদের জানানো হবে।

রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে সোমবার বাািণজ্য মন্ত্রনায়লয় এই সভার আয়োজন করে। বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রনালয়ের উপদেষ্ঠা বরকতউল্লাহ ভুলু, মন্ত্রণালয়ের সচিব ফারুক আহমদ সিদ্দিকী, এফবিসিসিআইয়ের নব নির্বাচিত সভাপতি মীর নাসিরউদ্দিন আহমদ প্রমুখ।