ঢাকা ও তেহরান চেম্বারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশ ও ইরানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও তেহরান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এন্ড মাইনস’র (টিসিসিআই) মধ্যে রোববার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
ঢাকায় আয়োজিত এক বৈঠকে ডিসিসিআই’র সভাপতি সাইফুল ইসলাম এবং টিসিসিআই সভাপতি রেজা বেহজাদিন নিজ নিজ চেম্বারের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বৈঠকে সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম।
সহযোগিতার নির্দিষ্ট খাত, বিনিয়োগ রেগুলেশনের ওপর তথ্য বিনিময়, আমদানি-রপ্তানি সম্ভাবনা, বাণিজ্যিক ও অর্থনৈতিক প্রতিনিধি দলের সফর, প্রদর্শনীতে অংশগ্রহণ এবং উভয় দেশের মধ্যে বাণিজ্য জোরদারে মত বিনিময়ে সহায়তা করতেই এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। খুব শিগগির এই স্মারক কার্যকর করা হবে।
বৈঠকে একটি টাস্ক ফোর্স গঠনের ব্যাপারে উভয় পক্ষ সম্মত হয়েছে। ডিসিসিআই গবেষণা সেল এবং টিসিসিআই ইন্টারন্যাশনাল ট্রেড উয়িং প্রাথমিকভাবে টাস্ক ফোর্সের কার্যক্রম নির্ধারণ করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মাহবুবুর রহমান বলেন, বাণিজ্য বৃদ্ধির জন্য উভয় দেশের মধ্যে সহযোগিতার নির্দিষ্ট খাত চিহ্নিত করা আবশ্যক।
তিনি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর সহযোগিতার নির্দিষ্ট খাত চিহিৃত করতে একটি টাস্ক ফোর্স গঠনের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।
বৈঠকে অন্যান্যের মধ্যে ডিসিসিআই পরিচালক আব্দুল হক, সাইফুল ইসলাম, আল নূরী, ইরানের মিলি ব্যাংকের বৈদেশিক ব্যুরো প্রধান এবং মিসেস মাহভাস বক্তৃতা করেন।
সাম্প্রতিক সময়ের সরাসরি বিদেশী বিনিয়োগ মূল্য সংযোজনের সম্ভাবনার কথা উল্লেখ করে সাইফুল ইসলাম প্রতিনিধি দলকে বাংলাদেশে বিনিয়োগের প্রস্তাব করেন।
রেজা বেহজাদিন বলেন, বাংলাদেশ ইরান থেকে প্রক্রিয়াজাত সুতা আমদানির মাধ্যমে তৈরি পোষাক রপ্তানি করতে পারে। তিনি স্থানীয় উদ্যোক্তাদের ইরানের সমুদ্র বন্দর ব্যবহারের প্রস্তাব করেন।
ইরানের বার্ষিক ৬০ হাজার পাউন্ড চা রপ্তানির উল্লেখ করে রেজা আরও বলেন, বাংলাদেশ ইরান থেকে ইঞ্জিনিয়ারিং টুলস আমদানি করতে পারে, পাশাপাশি তারা কৃষিজাত পণ্য ইরানে রপ্তানি করতে পারে।
এছাড়াও তিনি বাংলাদেশে কয়লা ও গ্যাস অনুসন্ধানে সহযোগিতার প্রস্তাব করেন।
বর্তমানের উভয় দেশের বাণিজ্য ভলিয়্যম ৪০ থেকে ৫৬ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০০৩-০৪ সালে বাংলাদেশের পক্ষে বাণিজ্য ভারসাম্য ছিল ১৫ দশমিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলার।
