২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে বৈধভাবে গবাদিপশু আমদানির চেয়ে অবৈধ বাণিজ্যই বেশি

ভারত থেকে বাংলাদেশে গবাদিপশু আমদানির ক্ষেত্রে বৈধ আমদানির চেয়ে অবৈধ বাণিজ্য বেশি হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2005, 06:14 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

সীমান্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, প্রতি মাসে ভারত থেকে বৈধভাবে ১০ হাজার গবাদিপশু বাংলাদেশে আসে। অন্যদিকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে প্রায় ৩০ হাজার গরু।

ভারত থেকে অবৈধভাবে গবাদিপশু আমাদানির ক্ষেত্রে রাজশাহীর সুলতানগঞ্জ, শ্যামপুর, চরঘাট, মতিহার, বাঘা, মাচারদিয়ার সীমান্ত প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হয়।

বৈধভাবে আমদানির ক্ষেত্রে বিডিআরকে প্রতিটি গুরুর জন্যে পাঁচশ’ টাকা দিতে হয়। এ টাকা সরকারি তহবিলে যায় বলে সীমান্তের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অন্যদিকে অবৈধভাবে আসা প্রতিটি গবাদিপশুর জন্যে বিডিআরকে দিতে হয় মাত্র দুশ’ থেকে তিনশ’ টাকা। এ টাকা সরকারি তহবিলে জমা দেওয়া হয় না বলে সূত্র জানায়।

সূত্রটি উল্লেখ করেছে, ভারত থেকে অবৈধভাবে গবাদিপশু আমদানির সূত্রে প্রতিমাসে গড়ে প্রায় এক কোটি টাকা বিডিআরের পকেটে যাচ্ছে।

ভারতের একটি সংবাদপত্র দাবি করেছে, বাংলাদেশের চামড়া, মাংস ও সারসহ গবাদিপশু নির্ভর শিল্পের ক্ষেত্রে ২ হাজার ৫শ’ কোটি টাকার যোগান দিচ্ছে।

বিএসএফের মহাপরিচালকের উদ্ধৃতি দিয়ে ‘দ্য ইকোনোমিক টাইমস’ পত্রিকা জানায়, ভারত ও বাংলাদেশ সীমান্তে অবৈধ পাচারের বিভিন্ন পথ ও বাংলাদেশে ভারতের গবাদিপশুর অধিক চাহিদার কারণে অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে।

মহাপরিচালক জানান, তার মানে এই নয়, আমরা অবৈধ গবাদিপশু পাচারকারীদের ধরছি না। আমরা অবৈধভাবে পাচার হওয়া গবাদিপশু ধরে নিলামের জন্যে কাস্টমস বিভাগে হস্তান্তর করি। কিন্তু সেখানে ওই একই মধ্যস্থতাকারীরা গবাদিপশুগুলো কিনে নেয়।

তিনি আরও বলেন, অতিরিক্ত চাহিদার কারণে এটি বন্ধ করা কঠিন হবে।

বাংলাদেশে গবাদিপশু রপ্তানি সম্পূর্ণ বৈধভাবে হলে ভারত তার রাজস্ব আয় বাড়াতে পারে। কিন্তু গবাদিপশুর বিষয়টি স্পর্শকাতর হওয়ায় কোনও সরকারই এ ব্যাপারে উদ্যোগী হচ্ছে না।