অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থিতাবস্থা বজায় রাখতে অর্থমন্ত্রীর নির্দেশ
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান শনিবার বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি তেল ও পণ্যের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থিতাবস্থা বজায় রাখতে হবে।
অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কেন্দ্রীয়, রাষ্ট্রায়ত্ব, বিশেষায়িত ব্যাংক ও রাজস্ব কার্যক্রম প্রসঙ্গে সংশ্লিষ্টদের সাথে প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে পর্যালোচনা চলাকালে তিনি এ নির্দেশ দেন।
মন্ত্রী সুষ্ঠু ও সমন্বিতভাবে পণ্য আমদানি রফতানি কার্যক্রম সম্পাদন এবং বাণিজ্যিক লেনদেন সম্পন্ন করতে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দেন।
তিনি সংশ্লিষ্টদের আর্থিক শৃঙ্খলা ও দক্ষ অর্থ ব্যবস্থাপনার মধ্য দিয়ে অর্থনৈতিক ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান জানান।
তিনি বৈদেশিক বাণিজ্য ও লেনদেনের সাথে সংশ্লিষ্ট কাগজপত্র ও দলিল পরীক্ষা নিরীক্ষা করে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার পন্থা উদ্ভাবনের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের সমন্বয়ে একটি কমিটিকে দায়িত্ব পালন করতে নির্দেশ দেন।
সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, অর্থসচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সভায় উপস্থিত ছিলেন।
