২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধাবি গ্রুপ বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে

মধ্যপ্রাচ্যের বৃহৎ ব্যবসায়ী গোষ্ঠি ধাবি গ্রুপ বাংলাদেশে একটি পাঁচতারা হোটেল, মোবাইল কোম্পানি এবং ওষুধ কারখানা স্থাপনের জন্যে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2005, 08:19 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

বিনিয়োগ বোর্ডের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা শনিবার একথা বলেছেন।

বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমান বিডিনিউজকে জানান, চলতি সপ্তাহের শেষ দিকে ধাবি গ্রুপের চেয়ারম্যান শেখ নাহিয়ান মবারক আল নাহিয়ানের তিনদিনের বাংলাদেশ সফরকালে এ ব্যাপারে ধাবি গ্রুপ এবং বিনিয়োগ বোর্ডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।

নাহিয়ান আগস্টের ৩১ তারিখ বাংলাদেশ সফরে আসবেন এবং এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন। এসময় সংযুক্ত আরব আমিরাতের একজন মন্ত্রীও তার সাথে থাকবেন।

ইতোমধ্যেই সরকার রাজধানীর পরিবাগ এলাকায় অবস্থিত নৌ-পরিবহন মন্ত্রণালয়ের গেস্ট হাউস ‘ফেয়ারলি হাউস’কে পাঁচতারা হোটেল নির্মাণের জন্যে আদর্শ জায়গা হিসেবে চিহ্নিত করেছে।

মাহমুদুর রহমান বলেন, আমরা ইতোমধ্যেই ‘ফেয়ারলি হাউস’কে পাঁচতারা হোটেল নির্মাণের জন্যে বিবেচনা করছি। পাশাপাশি, অন্যান্য জায়গাকেও পাঁচতারা হোটেল নির্মাণের জন্যে ভাবা হচ্ছে।

সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) ক্ষেত্রে দেশের মোবাইল টেলিফোন খাতগুলো সম্ভাবনাময় হয়ে ওঠায় ধাবি গ্রুপ এ খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

ইতোমধ্যেই বাংলাদেশের চারটি মোবাইল ফোন কোম্পানি উল্লেখযোগ্য পরিমাণে বিদেশী বিনিয়োগ নিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সরাসরি বিদেশী বিনিয়োগের ওপর বিনিয়োগ বোর্ডের চতুর্থ জরিপে দেখা যায়, ২০০৪ সালে মোবাইল খাতে সবচেয়ে বেশি, অর্থাৎ মোট বিনিয়োগের ৩৬ শতাংশ সরাসরি বিদেশি বিনিয়োগ করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে ওয়ারিড টেলিকম নামে ধাবিগ্রুপের মোবাইল ফোন কোম্পানি রয়েছে।

মাহমুদুর রহমান আরও বলেন, ধাবি গ্রুপ দেশের মোবাইল বাজারে প্রবেশ করলে প্রতিযোগিতা সৃষ্টি হবে এবং এতে কম খরচে অধিক সুবিধা পাওয়া যাবে।

গত বছর বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ তার আগের বছরের চেয়ে (এফডিআই) ৪৯ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬৬০ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।