বড়দিনের আগে ইইউভুক্ত দেশে বাংলাদেশের পোশাক রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা
পোশাক রপ্তানিতে চীনের প্রতি ইউরোপীয় ইউনিয়েনের চাপিয়ে দেয়া কোটা পদ্ধতির কারণে বড়দিনের আগে ইউনিয়নভুক্ত দেশে পোশাকের সরবরাহ অনেকটা কমে যাবে। আর এ সুযোগে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়ে যাবে।
শুক্রবার স্থানীয় রপ্তানিকারকরা একথাই বললেন।
রপ্তানিকারকদের কেউ কেউ বলেন, বড়দিনের আগে পর্যন্ত বাংলাদেশ সুবিধা নাও পেতে পারে। তবে অনিশ্চিয়তার কারণে ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহের খুচরা বিক্রেতারা চীনে তাদের অর্ডার কমিয়ে দিলে আগামী বছর থেকে বাংলাদেশ রপ্তানি বৃদ্ধির সুবিধা পেতে পারে।
চীন ইতোমধ্যেই ১১ জুন থেকে বছরের শেষ নাগাদ ইউরোপীয় ইউনিয়নে ৬৯ মিলিয়ন স্যুয়েটার রপ্তানিসীমা অতিক্রম করে ফেলেছে। এজন্য ইউরোপীয় কমিশন ১২ জুলাইর পর থেকে আমদানি লাইসেন্স দেওয়া বন্ধ করে দিয়েছে।
এছাড়াও ইউরোপীয় ইউনিয়নে সম্প্রতি চীনের তৈরি টি-শার্ট, ট্রাউজার ও অন্যান্য গার্মেন্টস পণ্যের রপ্তানিসীমা পূর্ণ হয়ে গেছে।
বিবিসি জানায়, চীনের পণ্য আমদানিতে নিয়ম বেধে দেওয়ায় ইইউভুক্ত দেশের খুচরা বিক্রেতারা ক্ষুব্ধ। তাদের যুক্তি হচ্ছে, কোটা পদ্ধতি চালুর আগে তারা এসব অর্ডার দিয়েছিলেন।
তাদের সকলেই আশংকা করছেন বড়দিন উৎসবে তারা ক্রেতাদের চাহিদা পূরণ করতে সক্ষম হবেন না।
এদিকে ইউরোপীয় ইউনিয়ন ও চীনা কর্মকর্তারা পোশাক বাণিজ্য নিয়ে শুক্রবার দু’দিনব্যাপী এক আলোচানা শুরু করেছেন। এর আগে এ ধরনের একটি বৈঠক থেকে দু’পক্ষ কোনও মতৈক্যে পৌঁছতে পারেনি।
চীনের তৈরি লাখ লাখ স্যুয়েটার, ট্রাউজার, ব্রা ও অন্যান্য গার্মেন্টস সামগ্রীর ওপর নিষেধাজ্ঞা দূর করাই এ আলোচনার লক্ষ্য।
ইইউ যদি এ বছর চীন থেকে অতিরিক্ত পোশাক আমদানি করার অনুমতি দেয় তবে কোটা পদ্ধতির আওতায় আগামী বছর তাদের জন্য নির্দিষ্ট অংশ থেকে তা বাদ যাবে।
সানডে টাইমস জানায়, পোশাক সংকট নিরসনে বৃটিশ বিক্রেতারা বাংলাদেশ, ভারত, তুরস্ক ও শ্রীলংকা থেকে পণ্য আমদানি করার কথা ভাবছে।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স অ্যাণ্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সিনিয়র সহসভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, সংকটের কারণে ইইউ ইতোমধ্যেই বাংলাদেশে অর্ডারের পরিমাণ বৃদ্ধি করেছে।
তিনি বলেন, আমরা যদি এবার এ সুযোগ নিতে ব্যর্থও হই, আগামী বছরটি নিশ্চিতভাবে এ শিল্পের জন্য লাভজনক হবে।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যাণ্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক বলেন, চাহিদা বৃদ্ধি ও চীনের জন্য নির্দিষ্ট কোটার কারণে আমাদের পোশাকের বিশেষ করে ট্রাউজারের অর্ডার বাড়ছে, এতে কোনও সন্দেহ নাই।
তিনি বলেন, চীনের ব্যাপারে ইইউ’র ব্যবসায়ীরা অনিশ্চয়তার মধ্যে থাকায় আমাদের জন্য তা ইতিবাচক।
তবে বিজিএমইএ সভাপতি আনিসুল হক ভিন্ন মত পোষণ করে বলেন, তার নিজের পাওয়া অর্ডারের পরিমান বাড়েনি।
তিনি বলেন, স্থানীয় গার্মেন্টস শিল্প বড়দিনের আগে এ বিপুল চাহিদা পূরণ করতে সক্ষম নয়।
বিকেএমইএ সভাপতি ফজলুল হক এ ব্যাপারে তার সাথে একমত নন। তিনি বলেন, আমরা নিটওয়্যার প্রস্তুতকারকরা বড়দিনের আগে অর্ডার সরবরাহ করতে সক্ষম এবং নতুন নতুন অর্ডারও পাচ্ছি।
