২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিঁয়াজ, চিনি, ময়দা ও চালের দাম আরেক দফা বেড়েছে

রাজধানীতে পিঁয়াজ, চিনি, ময়দা ও চালের দাম আরেক দফা বেড়েছে। তবে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অপরিবর্তিত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2005, 05:55 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

গত সপ্তাহে যেখানে পিঁয়াজের দাম ছিল কেজি প্রতি ২২ টাকা, সেখানে এ সপ্তাহে প্রতি কেজি পিঁয়াজ বিক্রি হয়েছে ২৪-২৫ টাকায়। এদিকে সকল প্রকার চালের দাম গত সপ্তাহের চেয়ে এক টাকা করে বেড়েছে।

প্রতি কেজি চিনির দাম গত সপ্তাহে যেখানে ছিল ৩৫ টাকা, এ সপ্তাহে তা ৩৬ টাকা। গত সপ্তাহে দুই কেজি ময়দার প্যাকেটের দাম ছিল ৩৭ টাকা, এ সপ্তাহে তা ৪০ টাকা।

কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, ভাল মানের মিনিকেট চালের কেজি ২৭ টাকা, নাজিরশাইল ৩১ টাকা এবং কাটারিভোগ ৩৭ টাকা, যা গত সপ্তাহের চেয়ে এক টাকা বেশি।

শাক সবজির দাম না বাড়লেও কিছু কিছু মাছের দাম বেড়েছে।

প্রতি কেজি মসুরের ডাল বিক্রি হয়েছে ৪৮ টাকায়, যা গত সপ্তাহের চেয়ে দুই টাকা কম। অন্যদিকে ৩০ টাকার কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৩২ টাকায়।

প্রতি কেজি পটল ১৩ টাকা, বেগুন ২০ টাকা, করলা ১৮ টাকা এবং আলু ১০ টাকায় বিক্রি হয়েছে।

মাছের বাজারে দেখা যায়, একটি মাঝারি ধরনের ইলিশ মাছ ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হয়েছে। অপরদিকে ছোট আকারের পাঙ্গাসের কেজি ৬০ থেকে ৬৫ টাকা, রুই ৮০ টাকা এবং তেলাপিয়া ৮০ টাকা কেজি।

গরুর মাংসের দাম আগের মতোই ১১০ থেকে ১২০ টাকা কেজি। বয়লার মুরগির দাম কেজি প্রতি ৭৫ টাকা এবং দেশি মুরগি ১০০ থেকে ১৪০ টাকা কেজি।