২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ থেকে কম শুল্কে পাট দ্রব্য আমদানি না করতে ভারত সরকারের প্রতি কমিশনের সুপারিশ

বাংলাদেশ থেকে কাঁচা পাট ও পাটজাত দ্রব্য আমদানির ওপর শুল্ক ছাড় দেওয়ার যে পরিকল্পনা ভারত সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে, সেদেশের একটি কমিশন সরকারকে তা বাতিল করার সুপারিশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 03:54 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

স্থানীয় পাট চাষী ও পাট শিল্পের স্বার্থ বিবেচনা করে এ সুপারিশ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের জন্যে শতকরা ৬০ ভাগ শুল্ক ছাড় দেওয়ার ব্যাপারে ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তার প্রেক্ষিতে কমিশন ফর এগ্রিকালচারাল কস্টস অ্যান্ড প্রাইস তাদের প্রতিবেদনে একথা উল্লেখ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে শুল্কমুক্ত পাট ও পাটজাত দ্রব্য আমদানির সরকারের প্রস্তাব উপেক্ষা করা উচিত। প্রস্তাবটি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভারত বার্ষিক চার থেকে নয় লাখ বেল কাঁচা পাট আমদানি করে। আমদানিকৃত পাটের বেশিরভাগই আসে বাংলাদেশ থেকে। ভারতে যে মানের পাট উৎপন্ন হয় না, সে বিশেষ মানের পাট বাংলাদেশ থেকে আমদানি করা হয়।

১৯৯৯ সালের ৩১ মার্চ পর্যন্ত কাঁচা পাট শুল্কযুক্ত আমদানি দ্রব্যের তালিকার বাইরে ছিল। ১ এপ্রিল ১৯৯৯ থেকে আমদানি শুল্ক শতকরা পাঁচ ভাগ (সার্কভুক্ত দেশগুলোর জন্যে শতকরা ২ দশমিক ৫ ভাগ) ও শতকরা চার ভাগ এসএডি বলবৎ রয়েছে।

কমিশনের সাথে আলাপকালে দ্য ইন্ডিয়ান জুট মিল্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ১৯৯৮ সালের এপ্রিল থেকে বাংলাদেশ থেকে ভারত কোনো পাটজাত দ্রব্য আমদানি করেনি।

প্রতিবেদনে বলা হয়, বিশাল পানি সম্পদ ও কৃষি-বান্ধব জলবায়ুর কারণে বাংলাদেশ উন্নত মানের পাট উৎপাদন করতে সক্ষম। আর তাই বাংলাদেশ থেকে পাট আমদানির ক্ষেত্রে যদি ৬০ শতাংশ শুল্ক ছাড় দেওয়া হয় এবং শুল্কমুক্ত পাটজাত দ্রব্য বাংলাদেশ থেকে আমদানি করা হয়, তাহলে ভারতের পাট শিল্পের ওপর বাংলাদেশ প্রভাব বিস্তার করবে।

প্রতিবেদনে বলা হয়, সহজলভ্য সস্তা শ্রমের কারণে আন্তর্জাতিক পাট রপ্তানির বাজারে বাংলাদেশ শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে। এরপর বাংলাদেশ থেকে পাটজাত দ্রব্য আমদানির ক্ষেত্রে যদি বিশেষ ছাড় দেওয়া হয়, তাহলে ভারতের পাট শিল্পের ওপর নেতিবাচক প্রভাব বিস্তার করবে এবং এর ফলে ভারতের অনেক পাট কল বন্ধ হয়ে যাবে।

কমিশন জানায়, সরকারের সিদ্ধান্ত কার্যকর হলে ভারতের লাখ লাখ নিম্ন ও মধ্য পর্যায়ের কৃষক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর তাই ভারতের পাট চাষীদের রক্ষা করতে কমিশন বাংলাদেশ থেকে শুল্কমুক্ত পাট আমদানি নিরুৎসাহিত করতে সরকারকে উপদেশ দিয়েছে।

পাট রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে ভারত বাংলাদেশের সাথে যে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছে, সেক্ষেত্রে আক্রমণাত্মক বিপণন কৌশল অবলম্বন করতে কমিশন সরকারকে উপদেশ দিয়েছে।

পাটজাত দ্রব্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ ২০০৫ সালে বিশ্ব বাজারের ৫০ শতাংশ নিয়ন্ত্রণ করবে বলে এফএও এক প্রতিবেদনে যে তথ্য জানিয়েছে, তার প্রতি দৃষ্টি আকর্ষণ করে কমিশন সরকারি-বেসরকারি অংশীদারিত্বের আওতায় এবং পাট শিল্প প্রতিষ্ঠানগুলোর প্রত্যক্ষ সহযোগিতায় দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। বিশ্ব বাজারে ভারত মোট চাহিদার ৪০ শতাংশ পাটজাত দ্রব্য রপ্তানি করে।

উৎপাদন ব্যয়ের দিক থেকে যদিও পাটজাত দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ ভারতের চেয়ে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে, তারপরও কিছু প্রযুক্তিগত সুবিধার কারণে ভারত জিওটেক্সটাইল ও ফুডগ্রেডের বিশেষ পাটজাত দ্রব্য উৎপাদন করতে সক্ষম।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশের উৎপাদন মূল্যের সুবিধা থাকা সত্ত্বেও গত দেড় বছরের রপ্তানি থেকে বোঝা যায়, ২০০২-’০৩ এবং ২০০৩-’০৪ অর্থবছরে ভারতের পাটজাত দ্রব্যের রপ্তানির পরিমাণ বেড়েছে।

কমিশনের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতা থাকা সত্ত্বেও পাটজাত দ্রব্য রপ্তানির ক্ষেত্রে বর্তমান প্রবণতা ভারতের পাট শিল্পের জন্যে উজ্জ্বল ভবিষ্যতই নির্দেশ করে। এখন পাট শিল্প প্রতিষ্ঠানগুলোর উচিত হবে, আক্রমণাত্মক বিপণন কৌশলের মাধ্যমে বর্তমান প্রবণতা ধরে রাখা।

পাটজাত দ্রব্য, বিশেষ করে জীবন পদ্ধতির সাথে জড়িত পাটজাত দ্রব্য রপ্তানির মাত্রা বেগবান করতে কমিশন সুপারিশ করেছে।