সরকার শিল্প নীতি ২০০৫-এর কার্যকর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: শিল্প মন্ত্রী
শিল্প মন্ত্রী মতিউর রহমান নিজামী বলেছেন, সরকার ‘শিল্প নীতি ২০০৫’-এর কার্যকর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার আয়োজিত ‘বাংলাদেশের শিল্প নীতি: একটি পর্যালোচনা’ শীর্ষক এক গোল টেবিল আলোচনায় তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্য দিয়ে শিল্প নীতি বাস্তবায়নে তিনটি কমিটি গঠন করেছে। এই কমিটিগুলো দিক নির্দেশনা প্রদান, পর্যবেক্ষণ ও বাস্তবায়ন পর্যালোচনায় কাজ করবে।
তিনি আরও বলেন, সার্বিক নির্দেশনা কমিটির (ওজিসি) প্রথম সভা অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে।
ইসলামী অর্থনীতি গবেষণা ব্যুরো আয়োজিত এ আলোচনায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাবেক সচিব শাহ আব্দুল হান্নান।
এতে বক্তব্য রাখেন অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ, অধ্যাপক আইয়ুবুর রহমান ভূঁইয়া প্রমুখ।
মতিউর রহমান নিজামী বলেন, কমিটি প্রতি তিনমাস অন্তর একবার বৈঠকে মিলিত হবে। এতে শিল্প নীতি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আলোচনা করা হবে।
বক্তারা বর্তমানে প্রচলিত শিল্প নীতিতে যথাযথ কৌশলের ঘাটতির কথা উল্লেখ করে এর বিভিন্ন বিষয়ের সমালোচনা করেন।
অধ্যাপক আইয়ুবুর রহমান তার মূল নিবন্ধে বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বাস্তবায়নকারী সংস্থার যথাযথ সমন্বয়ের মাধ্যমে নীতির প্রয়োগ ও বাস্তবায়ন ত্বরান্বিত করা যেতে পারে।
