বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে চট্টগ্রামের মেয়রের সহযোগিতা চেয়েছেন নৌ পরিবহন মন্ত্রী
নৌ পরিবহন মন্ত্রী কর্নেল (অব.) আকবর হোসেন প্রটোকল উপেক্ষা করে মঙ্গলবার প্রতিমন্ত্রীর মর্যাদার চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে বন্দরের কার্যক্রম সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে সহযোগিতা চেয়েছেন।
দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সিসিসি মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) কার্যক্রম পরিচালনায় মেয়র সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে বৈঠক সূত্র জানিয়েছে।
চট্টগ্রাম বন্দরের সাথে সিটি করপোরেশনের টোল সড়ক নির্মাণ, হোল্ডিং ট্যাক্স, ভূমি ও বন্দরের আয়ের নির্দিষ্ট একটি অংশের পাওনার দাবি নিয়ে বিরোধ চলছে।
নৌ পরিবহন সচিব রফিকুল আলম, চবক চেয়ারম্যান এএম শাহাদাত হোসেনসহ চবক ও সিসিসির উর্দ্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে নৌ পরিবহন মন্ত্রী আকবর হোসেন সাংবাদিকদের বলেছেন, বন্দরসহ মন্ত্রনালযের অধীনের বেশ কয়েকটি প্রতিষ্ঠান চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় অবস্থিত। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে মেয়রের সহযোগিতা প্রয়োজন।
মেয়রের সাথে বন্দর ও সিটি করপোরেশনের মধ্যে বিরাজমান সমস্যাগুলোর বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব সমস্যা নিরসনে আমরা যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।
বৈঠক শেষে মেয়র মহিউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, আন্তরিকভাবে আমরা সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি এবং বিরাজমান সমস্যাগুলো সমাধানের জন্যে একত্রে করার কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।
চবক ও সিসিসি সূত্র জানিয়েছে, বন্দরের সাথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সারাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে সড়ক ও জনপথ বিভাগের বাস্তবায়নাধীন টোল সড়কের নির্মাণ কাজ বর্তমানে সিটি করপোরেশনের মামলার কারণে বন্ধ হয়ে আছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ১০০ কোটি টাকা ব্যয়ে ১২ কি.মি. এর এ টোল সড়ক এর নির্মাণ কাজ শুরু হয় গত ২০০৪ সালে।
সিসিসি টোল সড়কের আয়ের ১০ শতাংশ দাবি করে হাইকোর্টে মামলা করে।
আদালতের নিষেধাজ্ঞার কারণে বর্তমানে দেশের প্রথম টোল সড়কটির নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে।
সূত্রমতে সিসিসি প্রতিবছর চবক থেকে ৪০ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স দাবি করছে। কিন্তু বন্দর কর্তৃপক্ষ বছরে ১০ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স দিয়ে থাকে। এছাড়া সিসিসি বন্দরের আয়ের ১০শতাংশ দাবি করে আসছে।
নৌ পরিবহণ মন্ত্রী বন্দর থেকে পাওনা হোল্ডিং ট্যাক্স বাবদ ১০ কোটি টাকার চেক মেয়রকে হ¯তান্তর করেন।
