২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ মিউচুয়ালের ১৫৩০০০ শেয়ার সাসপেন্স অ্যাকাউন্টে রাখতে এসইসি’র নির্দেশ

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সোমবার গ্রামীণ মিউচুয়াল ফান্ডের ১ লাখ ৫৩ হাজার প্রাথমিক শেয়ার অনিয়মের সন্দেহে সাসপেন্স অ্যাকাউন্টে রাখার জন্যে এইমস অব বাংলাদেশ লিমিটেডকে নির্দেশ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 09:42 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

শেয়ার আবেদন ভুয়া অ্যাকাউন্টের ভিত্তিতে দাখিল করা হয়েছে এমন সন্দেহ হবার পর এসইসি এ নির্দেশ দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। এই এক লাখ ৫৩ হাজার শেয়ারের আবেদন তিনিটি মার্চেন্ট ব্যাংকের অমনিবাস অ্যাকাউন্টের মাধ্যমে দাখিল করা হয়েছে।

এ ব্যাংক তিনটি হচ্ছে-বাংলাদেশ মিউচুয়াল সিকিউরিটিজ লিমিটেড, ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড ও রাসপিট সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড।

প্রশ্নের জবাবে এইমস বাংলাদেশ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইওয়ার সাইদ বিডিনিউজকে বলেন, এসইসি ইতোপূর্বে মেঘনা লাইফ ইন্সুরেন্সের প্রাথমিক শেয়ারের আবেদনগুলোতে সন্দেহজনক নাম ও ঠিকানার ব্যবহার নির্ণয় করার পর এসইসি’র এ ব্যাপারে সন্দেহ বেড়ে যায়।

ভূয়া আবেদনের কারণে এসইসি মেঘনা ইন্সুরেন্সের ২৮ হাজার শেয়ার বাতিল করেছিলো।

মঙ্গলবার এইমস বাংলাদেশ এ ব্যাপারে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে।

ইওয়ার বলেন, আমরা এ পর্যন্ত ওই ব্যাংকগুলোর মাধ্যমে দাখিলকৃত এক লাখ ৫৩ হাজার প্রাথমিক শেয়ারের জন্যে ৩০৬টি আবেদনে ভুল তথ্য পেয়েছি। তিনি বলেন এ ধরনের ভুয়া শেয়ার আবেদনের সংখ্যা আরো বাড়তে পারে।