২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ আগস্টের বোমা হামলা: চট্টগ্রামের অর্থনৈতিক কর্মকাণ্ডে ক্ষতিকর প্রভাবের আশংকা

দেশব্যাপী ১৭ আগস্টের বোমা হামলার প্রেক্ষিতে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের অর্থনৈতিক কর্মকাণ্ড এখনও স্বাভাবিক থাকলেও একমাসের মধ্যে এর ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশংকা করছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2005, 08:22 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (সিসিসিআই) এর প্রেসিডেন্ট সাইফুজ্জামান চৌধুরী বোমা হামলার দীর্ঘ মেয়াদী প্রভাব সম্পর্কে আশংকা প্রকাশ করে বিডিনিউজকে জানান, এখন পর্যন্ত বাণিজ্যিক কর্মকাণ্ডে বোমা হামলার তেমন কোনও প্রভাব লক্ষ্য করা না গেলেও এর ক্ষতিকর প্রভাব অবশ্যই দেশের অর্থনীতির ওপর পড়বে।

তিনি বোমা হামলার ক্ষতিকর প্রভাব কাটিয়ে উঠতে এখন থেকেই কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্যে সরকার ও বিরোধী দলকে একত্রে কাজ করার আহ্বান জানান।

একই আশংকা ব্যক্ত করে পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান ড. পারভেজ সাজ্জাদ আক্তার বলেছেন, দেশব্যাপী বোমা হামলার প্রভাব এখন পর্যন্ত নিয়ন্ত্রণের মধ্যে আছে । তবে দ্রুত এ বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনে ব্যর্থ হলে জাতিকে মূল্য দিতে হবে।

দেশের অন্যতম ব্যবসা কেন্দ্র খাতুনগঞ্জ, চট্টগ্রাম বন্দর, ও চেম্বার অব কমার্স সূত্র জানিয়েছে, দেশব্যাপী বোমা হামলা ও ১৯ আগস্টের হরতাল সত্বেও বাণিজ্যিক রাজধানীর কর্মকাণ্ড ছিল অনেকটা স্বাভাবিক। শুধু ১৭ আগস্ট খাতুনগঞ্জে পণ্য ক্রয় বিক্রয় ছিল কিছুটা কম ।

সংশি¬ষ্টরা বলছেন, এ ধরনের ঘটনার প্রেক্ষিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিনিয়োগ খাত।

বন্দর সূত্র জানিয়েছে, সিকিউরিটি লেভেল-২ বজায় থাকা সত্বেও কাজকর্ম চলছে স্বাভাবিক গতিতে। আজ রোববার দুপুর পর্যন্ত বন্দরে ৮০টি গ্যাং বুকিং হয়েছে। তিন শিফটে প্রায় একশ গ্যাং বুকিং হতে পারে। ২০ আগস্ট হরতালের দিনও ৬৭ গ্যাং কাজ হয়েছে। ডক ম্যানেজম্যন্ট বোর্ড সূত্র জানিয়েছে বন্দরে গড় গ্যাং বুকিং হয় ৯০টির মত।

চট্টগ্রাম বন্দরে এখন ৪৫টি জাহাজ আছে। এর মধ্যে বিভিন্ন পণ্যবাহী ২৫টি জাহাজ আছে বন্দরের অভ্যন্তরে। অপর ২০টি আছে বহিঃনোঙ্গরে।