২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএনডিপি’র পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন কর্মসূচিতে ইউরোপীয় কমিশনের ৬০ কোটি টাকার অর্থ সাহায্য

ইউরোপীয় কমিশন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা কর্মসূচিতে সাড়ে সাত লাখ ইউরো বা ৬০ কোটি টাকা দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2005, 08:24 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

ইউরোপীয় কমিশনের পক্ষে প্রতিনিধি দলের প্রধান রাষ্ট্রদূত এসকো কেনসিনসকি এবং ইউএনডিপির পক্ষে এর আবাসিক প্রতিনিধি জরগেন লিজনার রোববার এ বিষয়ক একটি চুক্তিতে স্বাক্ষর করেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহযোগিতা কর্মসূচির পরিচালক মিখায়েল হাইয়েন এবং উভয় সংস্থার অন্যান্য কর্মকর্তারা এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর শেষে উভয় সংস্থার শীর্ষ কর্মকর্তারা বলেন, পার্বত্য জেলাসমূহের উন্নয়নকে চাঙ্গা করতে স্থানীয় এনজিও এবং জেলা কাউন্সিলের মাধ্যমে এই তহবিল কাজে লাগানো হবে।

জরগেন লিজনার বলেন, উন্নয়নের প্রধান আলোকপাতের বিষয় হচ্ছে পার্বত্য এলাকাগুলোতে বিশ্বাস তৈরী করা। উন্নয়ন কর্মকান্ড পরিচালনায় স্থানীয়রা তাদের গুরুত্ব প্রদানের ক্ষেত্রগুলো বেছে নেবে। ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত এসকো কেনসিনসকি বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে এটা আমাদের প্রথম অনুদান। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের অগ্রগতিতে আমরা গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে থাকতে চাই।