বাণিজ্য ঘাটতি কমাতে কনসাল জেনারেলদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান
বিগত অর্থবছরে (২০০৪-০৫) দেশে বাণিজ্য ঘাটতি ছিলো প্রায় ৩০ শতাংশ। টাকার অংকে প্রায় ৪ দশমিক ০১ বিলিয়ন মার্কিন ডলার।
এ সময় দেশের রপ্তানী আয় বেড়ে ৮ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়ায়। একই সময়ে আমদানি খাতে ব্যয় হয়েছে ১২ দশমিক ৬৬ বিলিয়ন মার্কিন ডলার।
রোববার ঢাকায় এক গোল টেবিল আলোচনায় রপ্তানী উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মীর শাহাবুদ্দিন মোহাম্মদ এ তথ্য জানান।
বাংলাদেশর বিভিন্ন দেশের দুতাবাস ও আবাসিক মিশনের অনারারি কনসাল জেনারেলদের নিয়ে রপ্তানী উন্নয়ন ব্যুরো এবং বাণিজ্য মন্ত্রণালয় এ গোল টেবিল আলোচনার আয়োজন করে।
‘বিনিয়োগ ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যবসা বাণিজ্যের উন্নয়নে অনারারি কনসাল জেনারেলদের ভূমিকা’ শীর্ষক এ গোল টেবিল আলোচনায় সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ফারুক আহমেদ সিদ্দিকী।
এতে দেশের ২৮টি মিশন ও দূতাবাসের কনসাল জেনারেল এবং ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সভাপতি সাইফুল ইসলাম এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আবুল কালাম আজাদ যোগ দেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লাহ বুলু এবং পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমান।
আলোচনা সভায় ওই বিপুল পরিমান বাণিজ্য ঘাটতি পূরণে অনারারি কনসাল জেনারেলদের বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এতে বলা হয়, বিভিন্ন দেশের কনসাল জেনারেলরা সেসব দেশে অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেশের ভাবমূর্তি উজ্জল করতে পারেন।
ইপিবি’র ভাইস চেয়ারম্যান মীর শাহাবুদ্দিনের দেওয়া প্রতিবেদনে স্বাধীনতার পরের বছরগুলোর সাথে বিগত অর্থবছরের তুলনা করে বলা হয়, ১৯৭২-৭৩ সালে মাত্র ৩৪৮ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানী হয়। তুলনামূলকভাবে বিগত অর্থবছরে এই রপ্তানী প্রায় ২৩৮৭ শতাংশ বেড়ে ৮৬৫৫ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়।
এতে আরো বলা হয়েছে, বিগত অর্থ বছরে আমদানি ব্যয়ের তুলনায় রপ্তানী আয় ছিলো ৬৮ দশমিক ৩৫ শতাংশ। এরআগের বছর এই হার ছিলো ৬৯ দশমিক ৭৩ শতাংশ। ওই বছর আমদানি ব্যয় হয় প্রায় ১০ দশমিক ৯০ বিলিয়ন ডলার এবং রপ্তানী আয় ছিলো ৭ দশমিক ৬০ বিলিয়ন।
এতে জানানো হয়, ইপিবি’র ব্যবস্থাপনা বোর্ড থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে ৪৬টি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ দেশে কনসাল জেনারেল নিয়োগের সুপারিশ করা হয়েছে। এসব দেশের কোনোটিতেই বাংলাদেশের কোনো আবাসিক মিশন নেই।
বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেন, দেশে বিগত চার বছরে রপ্তানী আয় প্রায় দ্বিগুণ হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ও হরতালের মতো ধ্বংসাত্মক কর্মসূচি না হলে এর পরিমান আরও দ্বিগুণ করা সম্ভব।
বিসিআই’র সভাপতি আবুল কালাম আজাদ ১৭ আগস্টের সিরিজ বোমা হামলায় দেশের ভাবমূর্তির ব্যাপক ক্ষতি হয়েছে বলে উল্লেখ করে বলেন, যারা দেশের ব্যবসা বাণিজ্যের ক্ষতি করে প্রতিবেশীদের সুবিধা করে দিতে চায়, তারাই এ হামলা করেছে।
তিনি বলেন, এ অবস্থায় বাংলাদেশ যে পরিমান বাজার হারাবে, তা প্রতিবেশী দেশগুলোর দখলে চলে যাবে।
