২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলার ঘটনার প্রভাব পড়েছে বাজারে, সরবরাহ কমায় নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম আকাশছোঁয়া

বাজারে সব নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম বেড়েছে। বাজার বিক্রেতারা জিনিষপত্রের দাম বাড়ার জন্য বুধবারের বোমা হামলার ঘটনাকেই দায়ী করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2005, 06:49 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

তারা জানান, বোমা হামলার কারণে বাজারে নিত্যপ্রয়োজনীয় পন্যের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।

বাজারের পাইকারী বিক্রেতারা শনিবার হরতাল থাকায় পন্যের সরবরাহে ঘাটতি আরো বাড়বে বলে জানিয়েছেন। অন্যদিকে গত দুমাসে জ্বালানি তেলের দাম পণ্য পরিবহনেও বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে বলে তারা জানিয়েছেন।

শুক্রবার ছুটির দিনে ঢাকার কাওরানবাজার, নিউমার্কেট, মতিঝিল এজিবি কলোনি ও মোহাম্মদপুর বাজার ঘুরে দেখা যায়, ক্রেতারা বেশি দামে মুরগীর মাংস কিনছেন। এসব বাজারে সয়াবিন তেলের দাম কেজি প্রতি প্রায় এক টাকা কমলেও সব ধরনের চালের দাম এখনো বাড়তির দিকে।

বিভিন্ন বাজারে সব শাকসবজির দাম কেজি প্রতি ১ টাকা থেকে ৫ টাকা বেড়েছে।

বাজারে কোনো কোনো মাছের দাম বাড়লেও গরু ও ছাগলের মাংস আগের দামেই বিক্রি হচ্ছে।

গত সপ্তাহে তুলনায় এ সপ্তাহে কেজি প্রতি পেঁয়াজ ও রসুনের দাম বেড়েছে যথাক্রমে চার টাকা ও আট টাকা। এ সপ্তাহে কেজি প্রতি পেঁয়াজের দাম ২২ টাকা ও রসুনের দাম ৪৪ টাকা।

কাওরানবাজারের সবজি বিক্রেতা আমজাদ হোসেন বিডিনিউজকে জানান, বুধবার থেকে সবজি সরবরাহ হ্রাস পেয়েছে। প্রতিদিন কমপক্ষে পাঁচ ট্রাক সবজি সরবরাহ কমেছে।

তিনি জানান, বোমা হামলার পর উত্তরবঙ্গ থেকে সবজি সরবরাহ কমেছে।

বাজারে কেজি প্রতি কাটারি ভোগ চালের দাম চার টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ টাকায় ও মিনিকেট চালও চার টাকা দাম বেড়ে দাঁড়িয়েছে ২৬ টাকায়।

নিউমার্কেট বাজারের চালের পাইকারী বিক্রেতা মো. বাহার মিয়া বিডিনিউজকে জানান, চালের দামের উর্ধ্বগতির পাশাপাশি পরিবহন খরচ বেশি হওয়ায় এর নেতিবাচক প্রভাব দামের ওপর পড়ছে।