২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য ও শিল্পের প্রাথমিক এবং মধ্যবর্তী কাঁচামালের আমদানী শুল্ক হার হ্রাস করায় অভিনন্দন

নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য ও শিল্পের প্রাথমিক এবং মধ্যবর্তী কাঁচামালের আমদানী শুল্ক হার হ্রাস করায় অর্থমন্ত্রীকে চট্টগ্রাম চেম্বার সভাপতি সাইফুজ্জামান চৌধুরী এক ফ্যাক্সবার্তায় অভিনন্দন জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

তিনি একই সঙ্গে মূলধনী যন্ত্রপাতি ও শিল্পে ব্যবহৃত খুচরা যন্ত্রাংশের শুল্ক হার ৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার আহ্বান জানান।

দেশের অর্থনৈতিক গতি প্রকৃতির দিকে লক্ষ্য রেখে গত ১৬ আগষ্ট অর্থমন্ত্রী নিম্ন ও মধ্যম শুল্ক স্তরের নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য ও শিল্পের প্রাথমিক এবং মধ্যবর্তী কাঁচামালের আমদানী শুল্ক হার যথাক্রমে ৭ দশমিক ৫ শতাংশ থেকে হ্রাস করে ৬ শতাংশ ও ১৫ শতাংশ থেকে ১৩ শতাংশ করেন।

ফ্যাক্সবার্তায় তিনি বলেন, সম্প্রতি আন্তর্জাতিক বাজারে তেলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্যের উর্র্ধ্বগতি এবং একই সাথে বিদেশী মুদ্রার সঙ্গে টাকার ক্রমবর্ধমান অবমূল্যায়নে বাজারে চাল, ডাল, চিনি, পেঁয়াজ, ভোজ্যতেলসহ আমদানীকৃত নিত্য ব্যবহার্য ভোগ্যপণ্যের যে অস্বাভাবিক মূল্যস্ফীতি হয়েছিল, শুল্ক হার কমানোয় তা বেশ হ্রাস পাবে। তিনি আরো বলেন, শুল্ক হারের এই হ্রাসের ফলে আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের ক্রয়মূল্য আনুপাতিক হারে সহনীয় পর্যায়ে আসবে এবং দেশীয় পণ্যের উৎপাদন খরচও কমবে।