দক্ষ শ্রমিক নিয়োগে অস্ট্রেলিয়া বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে
অস্ট্রেলিয়া গত ৫০ বছরের মধ্যে বিদেশিদের নিয়োগ দানের ক্ষেত্রে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে। মঙ্গলবার থেকে অস্ট্রেলিয়া এ নিয়োগ দান শুরু করেছে।
গত ১৪ বছরে অস্ট্রেলিয়ার অব্যাহত প্রবৃদ্ধির কারণে বেকারত্বের হার ২৮ বছরের মধ্যে সবচেয়ে কম রয়েছে। তাদের এ প্রবৃদ্ধির রেকর্ড বজায় রাখতে আরও দক্ষ জনশক্তির প্রয়োজন ।
জনশক্তির অপ্রতুলতার কারণেই ২০ হাজার নতুন অস্ট্রেলীয় খুঁজে বের করতে আগামী মাসে বার্লিন, আমস্টারডাম, লন্ডন ও চেন্নাইয়ে আয়োজন করা হচ্ছে বিশ্ব চাকরি প্রদর্শনীর। এছাড়া আগামী বছর ব্যাংকক, সিউল ও লস অ্যাঞ্জেলসে আয়োজন করা হবে রোডশো।
হিসাবরক্ষক থেকে হেয়ার ড্রেসার, সেবিকা থেকে মিস্ত্রি পর্যন্ত সব ধরনের কাজে নিয়োগ পাওয়ার জন্য বিশ্বের যেকোনও স্থান থেকে যে কেউ আবেদন করতে পারবে।
‘আমাদের অভিবাসন নীতিতে বৈষম্যমূলক কোনও ব্যাপার নেই।’ ২০ হাজার শূন্যপদের ঘোষণা দেওয়ার সময় এ বছর প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড তাই বলছিলেন। শূন্যপদের এ সংখ্যা এক লাখ ৪০ হাজারও হতে পারে। তিনি বলেন, বিশ্বের যে কোনও স্থানের হোক আমাদের আপত্তি নেই, আমাদের দরকার দক্ষ জনশক্তি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ট্রেলিয়া প্রথম বড় ধরনের অভিবাসনের ব্যবস্থা নেয়। ওই সময় ১০ লাখের মতো লোক অস্ট্রেলিয়ায় নতুন জীবন শুরু করার সুযোগ পায়। তাদের অধিকাংশই ছিল ব্রিটিশ বংশোদ্ভূত।
