২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমেক্সের গ্রাহক একাউন্ট সমন্বয়ের কাজ শুরু করছে স্ট্যানচ্যার্ট

দ্য স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) চলতি সপ্তাহ থেকে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকের (এমেক্স) সকল গ্রাহকদের একাউন্ট সমন্বয়ের কাজ শুরু করতে যাচ্ছে। আগস্ট মাসের ১ তারিখে স্ট্যানচার্ট এমেক্স’র মালিকানা কিনে নেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2005, 07:39 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

স্ট্যানচার্টের কর্পোরেট বিষয়ক প্রধান শাহ মাসুদ ইমাম মঙ্গলবার বিডিনিউজকে বলেন, এমেক্সের আওতাধীন সকল গ্রাহক একাউন্ট অক্টোবর ২০০৫ সালের মধ্যেই সমন্বয় করে স্ট্যানচার্টের আওতায় নিয়ে আসতে আমরা সক্ষম হব।

মাসুদ ইমাম বলেন, এমেক্সের বর্তমান গ্রাহকরা যেন তাদের প্রতিদিনের ব্যাংকিং কাজে কোন ঝামেলার সম্মুখীন না হন, সে জন্য স্ট্যানচার্ট ঝামেলাহীন একাউন্ট স্থানান্তর প্রক্রিয়াকে প্রাধান্য দেবে।

তিনি বলেন, নিরাপদ ও ঝামেলামুক্ত একাউন্ট স্থানান্তর নিশ্চিত করার জন্য আমরা এমেক্সের সাথে নিবিড়ভাবে কাজ করছি।

এমেক্সের সকল গ্রাহকের কাছে স্ট্যানচার্ট ইতোমধ্যেই চিঠি দিয়েছে বলে মাসুদ ইমাম জানান। তিনি বলেন, একাউন্ট স্থানান্তরের ব্যাপারেও তাদেরকে যথাসময়ে জানানো হবে।

তবে এমেক্স থেকে কি পরিমাণ একাউন্ট স্ট্যানচার্টে স্থানান্তরিত হবে সে ব্যাপারে তথ্য জানাতে তিনি অস্বীকৃতি জানান।

একাউন্ট স্থানান্তরের পর গ্রাহকদেরকে ব্যাংকিং সংক্রান্ত সকল কাগজপত্র দেয়া হবে বলে তিনি জানান।

অফিস সূত্র জানায়, স্ট্যানচার্ট পিএলসি ও আমেরিকান এক্সপ্রেস কর্পোরেশনের মধ্যে ১০ জুন এমেক্সের একীভূত হওয়া সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

ব্যাংক অঙ্গীভূতের ফলে বাংলাদেশে স্ট্যানচার্টের শাখা ১৬টি থেকে বেড়ে গিয়ে ২১টিতে গিয়ে দাঁড়াল। বাংলাদেশে এমেক্সের পাঁচটি শাখা ছিল।

স্ট্যানচার্ট পৃথিবীর ৫০টির বেশি দেশে ৯৫০ শাখায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্ট্যানচার্ট পিএলসি লন্ডন স্টক এক্সচেঞ্জ ও হংকং স্টক এক্সচেঞ্জের তালিকাভূক্ত কোম্পানি। আর মার্কেটে পুঁজির পরিমাণের দিক থেকে পৃথিবীর একশ’টি কোম্পানির মধ্যে শীর্ষ পঁচিশে রয়েছে।