২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক মুক্তবাণিজ্য চুক্তির বিপক্ষে বিশ্বব্যাংক

বিশ্বব্যাংক বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রস্তাবিত দ্বিপক্ষীয় মুক্তবাণিজ্য চুক্তির ঘোর বিরোধিতা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2005, 10:35 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

বিশ্বব্যাংকের এক গবেষণাপত্রে বলা হয়েছে, উভয় দেশ বহুপাক্ষিক বাণিজ্য উদারীকরণের ভিত্তিতে আরও বেশি অর্থনৈতিক সুবিধা ভোগ করতে পারবে।

‘ভারত-বাংলাদেশ বাণিজ্য, বাণিজ্য নীতি ও সম্ভাব্য মুক্তবাণিজ্য চুক্তি’ শীর্ষক বিশ্বব্যাংকের এক গবেষণায় বলা হয়েছে, ভারত-বাংলাদেশ মুক্তবাণিজ্য চুক্তির ক্ষেত্রে বাংলাদেশের জন্য বেশ কিছু মারাত্মক ঝুঁকি রয়েছে। শনিবার ‘ভারত-বাংলাদেশ বাণিজ্য’ শীর্ষক এক কর্মশালায় বিশ্বব্যাংকের এ গবেষণা নিয়েও আলোচনা করা হয়।

বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট (বিইআই), সাউথ এশিয়া এন্টারপ্রাইজ ডেভলপমেন্ট ফ্যাসিলিটি (এসইডিএফ) ও ইন্টারন্যাশনাল ফিনান্স করপোরেশনের (আইএফসি) সহযোগিতায় বিশ্বব্যাংক এ কর্মশালার আয়োজন করে।

বিশ্বব্যাংকের গবেষণায় বলা হয়েছে, ভারতের সাথে মুক্তবাণিজ্য চুক্তির ফলে কিছু বাংলাদেশী উৎপাদক তাদের পণ্য ভারতে রপ্তানির সুযোগ পাবেন। কিন্তু ভারতের উচ্চ প্রতিযোগিতামূলক অধিকাংশ বাজারের তুলনায় এ সংখ্যা হবে খুবই কম। কর্মশালায় অর্থনীতি ও বাণিজ্য বিশেষজ্ঞরা বিশ্বব্যাংকের এ গবেষণার ওপর আলোচনা করেন।

কর্মশালায় বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী প্রধান অতিথি এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিইআই সভাপতি ফারুক সোবহান কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় অন্যান্যের মধ্যে বিশ্বব্যাংকের উপদেষ্টা ড. গ্যারি পারসেল, প্রবীণ অর্থনীতিবিদ ড. জায়দি সাত্তার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ. বায়েস বক্তৃতা করেন।

দ্বিপাক্ষিক মুক্তবাণিজ্য চুক্তি বাস্তবায়নের ফলে বাণিজ্য সম্ভাবনা ও অর্থনৈতিক কল্যাণ কী অবস্থায় দাঁড়াবে বিশ্বব্যাংকের এ সংক্রান্ত গবেষণার ওপর বক্তারা আলোকপাত করেন।

কর্মশালায় বক্তারা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় বাণিজ্যের সূচকে দেখা যায় বাংলাদেশের পক্ষে বাণিজ্য ঘাটতি রয়েছে।

এ ব্যাপারে বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যাপক বাণিজ্য ঘাটতি রয়েছে। এছাড়াও শুল্ক বহির্ভূত বাধার কারণে উভয় দেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, মুক্তবাণিজ্য চুক্তি নিয়ে খুব কম গবেষণা হয়েছে। এ চুক্তির সম্ভাবনা নিয়ে এটাই প্রথম কর্মশালা।

বীণা সিক্রি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সামস্টিক অর্থনীতি বহির্ভূত পণ্যের অনানুষ্ঠানিক অথবা অবৈধ বাণিজ্য উভয় প্রতিবেশী দেশের জন্য একটি বড় সমস্যা।

বাংলাদেশ অর্থনৈতিক সমিতির সভাপতি কাজী খলিকুজ্জামান, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রি’র সভাপতি আব্দুল আউয়াল মিন্টু কর্মশালার অপর অধিবেশনের সভাপতিত্ব করেন।

কর্মশালায় বিভিন্ন অধিবেশনে অন্যান্যের মধ্যে বাণিজ্য সচিব ফারুক আহমেদ সিদ্দিকী, আইএফসি’র প্রোগাম ম্যানেজার মার্লন লেজামা, সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক বাণিজ্য সচিব সৈয়দ আলমগীর ফারুক চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী তাসলিম, বেসরকারি উদ্যোক্তা ও সামষ্টিক অর্থনীতি ইস্যুর গবেষক ও অন্যান্য বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।