২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ্ব যাত্রীদের বিমান ভাড়া বৃদ্ধি অযৌক্তিক: হজ্ব এজেন্সি নেতৃবৃন্দ

হজ্ব যাত্রীদের বিমান ভাড়া ৩০০ মার্কিন ডলার বৃদ্ধির প্রস্তাবের সমালোচনা করে হজ্ব এজেন্সিস অব বাংলাদেশ’র (এইচএএবি) নেতৃবৃন্দ বলেছেন, এতে শুধু বিদেশী বিমান সংস্থাগুলোই লাভবান হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2005, 07:44 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

নগরীর এক হোটেলে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে তারা একথা বলেন।

এইচএএবি নেতৃবৃন্দ বলেন, বিমানের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে হজ্ব যাত্রীদের অতিরিক্ত ৩০০ মার্কিন ডলার বর্ধিত ভাড়া দেওয়া উচিত না। কেননা তেলের মূল্য বৃদ্ধির কারণে হজ্ব যাত্রীদের মাথাপিছু বর্ধিত ব্যয় ২০ মার্কিন ডলারের বেশি হবে না।

তারা আরও বলেন, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় হজ্ব যাত্রীদের বিমান ভাড়া ৯৫০ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১২৫০ মার্কিন ডলার করার প্রস্তাব করেছে। আগস্টের ১৫ তারিখ মন্ত্রণালয়ের সভায় এ প্রস্তাব অনুমোদনের জন্যে উত্থাপন করা হবে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিমান ভাড়া স্থিতিশীল রাখতে ব্যর্থ হলে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের মাধ্যমে সরকারের উচিত বিমান ভাড়া নির্দিষ্ট করে দেওয়া। সম্মেলনে এইচএএবি নেতৃবৃন্দ এ সুপারিশ করেন।

এইচএএবি সভাপতি আবু শাকুর বলেন, বিভিন্ন বিমান সংস্থা হজ্ব যাত্রীদের জন্যে মাত্র ৭০০ মার্কিন ডলারে বিমান ভ্রমণের সুযোগ দিচ্ছে।

ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডসহ দক্ষিণ এশিয়ার অন্য কোনও দেশ বাংলাদেশের মতো বিমান ভাড়া বৃদ্ধি করেনি। তারা শুধু বর্ধিত জ্বালানি তেলের মূল্যের সাথে লেভি হিসেবে কয়েক ডলার ভাড়া বৃদ্ধি করেছে।

এইচএএবি জানায়, মোট হজ্ব যাত্রীর অর্ধেক, অর্থাৎ ২২ হাজারেরও বেশি হজ্ব যাত্রী গত বছর উন্নত সেবার জন্যে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সে ভ্রমণ করেছিল।

বর্ধিত ভাড়ার মাধ্যমে বিদেশী বিমান সংস্থাগুলো অতিরিক্ত ৯০ মার্কিন ডলার হাতিয়ে নেবে বলে সম্মেলনে এইচএএবি দাবি করে।

এইচএএবি আরও দাবি করে, যারা এ বিদেশী বিমান সংস্থা গুলোর স্বার্থ রক্ষার চেষ্টা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

এইচএএবি সভাপতি আরও বলেন, চলতি বছর প্রায় আট হাজার ব্যালটি এবং ৫২ হাজার লোক নন ব্যালটি হিসেবে হজ্ব করতে যাবেন বলে আশা করা হচ্ছে। গত বছর এ সংখ্যা ছিল যথাক্রমে পাঁচ হাজার ও ৪০ হাজার।

চলতি বছরের ডিসেম্বরে বিমান, সৌদিয়া, এমিরেটস এবং কুয়েত এয়ারওয়েজ হজ্ব যাত্রীদের জন্যে ফ্লাইট চালু করবে।