রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রীর পরামর্শ
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাণিজ্য উপদেষ্টা যখন চাঁদাবাজি বন্ধ করতে বলছেন, তখন বাণিজ্য মন্ত্রী পরামর্শ দিচ্ছেন ধর্মীয় অনুশাসন প্রচারের।
বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী শনিবার নিত্যপয়োজনীয় দ্রব্যমূল্য সম্পর্কিত টাস্কফোর্সের এক সভায় সভাপতিত্বকালে সাংবাদিকদের ইসলামী পন্থা ও হাদিস প্রচারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ধর্মীয় অনুশাসনের শিক্ষা নিয়ে ব্যবসায়িরা পবিত্র রজমান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়াতে বিরত থাকবেন।
বৈঠকে বলা হয়, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার জোর তৎপরতা চালাবে।
সরকার বিভিন্ন ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সস্তায় মাছ, মাংস, শাক সবজিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করবে বলেও বৈঠকে উল্লেখ করা হয়।
মন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, উৎসবের সময় বিদেশে যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ২০ থেকে ২৫ শতাংশ কমানো হয়, সেখানে বাংলাদেশে উৎসবের সময় ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম দ্বিগুণ বা তারও বেশি বাড়িয়ে দেয়।
নিরুপায় অবস্থার কথা বর্ণনা করে মন্ত্রী বলেন, ‘আমি জানি না আমরা কবে সেটা করতে পারব’।
তিনি সাংবাদিকদের পবিত্র রমজান মাসে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের কোনও সংকট নাই বলে সংবাদ প্রকাশ বা প্রচারের পরামর্শ দেন, যাতে জনগণ উদ্বিগ্ন হয়ে না পড়ে।
এক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী বলেন, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার বাজার মূল্য মনিটর করবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরকতউল্লাহ বুলু বলেন, পণ্য পরিবহনের সময় প্রত্যেক ব্যবসায়িকে প্রতি ট্রাকের জন্য চাঁদা বাবদ অন্তত দুই হাজার টাকা দিতে হয়।
অতিরিক্ত খরচের কারণে তারা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, চাঁদাবাজি প্রতিহত করা গেলে স্বভাবতই জিনিসপত্রের দাম কমে যাবে।
