মঙ্গা জাতির জন্য কলঙ্ক, সর্বাত্মক প্রচেষ্টা নিয়ে মঙ্গাকে ইতিহাসে পরিণত করা উচিত : ড. মুহাম্মদ ইউনুস
গ্রামীন ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, মঙ্গা জাতির জন্য কলঙ্ক, সবাত্মক প্রচেষ্টা নিয়ে মঙ্গাকে ইতিহাসে পরিণত করা উচিত।
শনিবার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত ’হতদরিদ্রের জন্য জন্য ক্ষুদ্রঋণ : সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন।
তিনি বলেন, দুর্ভিক্ষ, কলেরা, বসন্ত ও পোলিওকে আমরা বিদায় দিয়েছি। পরিনত হয়েছে ইতিহাসে। অথচ আমাদের সামগ্রিক অবহেলায় মঙ্গাকে এখনও আমরা ইতিহাসে পরিণত করতে পারিনি।
পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক ড. ফখরুদ্দিন আহমেদের সভাপতিত্বে আইডিবি মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, পরিকল্পনা কমিশনের সদস্য ড. কাজী মেসবাউদ্দিন আহমেদ, অধ্যাপক ড. বাকী খলীলি, বিআইডিএস গবেষক ড. সাজ্জাত জহির।
ভিজিডি কার্ড ও বয়স্ক ভাতার দুনীর্তি নিয়ে তিনি বলেন, ৪৭ হাজার ভিক্ষুককের একজনও ভিজিডি কার্ড ও বয়স্ক ভাতা পায়নি। ভিজিডি কার্ড পেতে এক হাজার টাকা এবং বয়স্ক ভাতা পেতে পাঁচ’শ টাকা ঘুষ দিতে হয়।
তিনি আরও বলেন, মঙ্গা দূর করতে ক্ষুদঋণ একক সমাধান নয়। এর পাশাপাশি এসব অঞ্চলে ছোট ছোট শিল্প প্রতিষ্ঠান স্থাপনে সরকার পুঁজি সহায়তা দিতে পারে।
ড. কামাল উদ্দিন সিদ্দিকী বলেন, গত বছর আর্মি দিয়ে ভিজিডি কার্ড বিতরণ করা হলেও কিছু অনিয়ম হয়েছে।
তিনি বলেন, হতদরিদ্রদের নিয়ে যারা কাজ করছে, তারা একটা ফোরমের মাধ্যমে সমন্বিত ভুমিকা পালন করতে পারে। এ ব্যাপারে পিকেএসএফকে মূল ভুমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা সরকার ও আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে আর্থিক সাহায্যও নিতে পারে।
মেসবাউদ্দিন আহমেদ বলেন, বিশ্ব ব্যাংক ও বিবিএস পরিচালিত গৃহস্থালী পরিসংখ্যান সঠিক নয়। ইতিমধ্যে বিশ্বব্যাংক হতদরিদ্রের সংখ্যা নির্ধারণে তাদের ভুল স্বীকার করেছেন। বর্তমানে দেশে হতদরিদ্রের সংখ্যা ১৮-২০ ভাগ।
তিনি বলেন, পিকেএসএফ এর মাধ্যমে সরকার কৃষি ভর্তুকি হতদরিদ্রের জন্য পুন:প্রবাহিত করতে পারে।
সাজ্জাত জহির বলেন, ঋণদান কার্যক্রমে অনানুষ্ঠানিক বা মহাজনি ঋণদাতাদের প্রভাব বেড়েছে।
সভায় আলোচিত হয়, সরকারের বিভিন্ন খাদ্য নিরাপত্তা কর্মসূচি চালু থাকলেও হতদরিদ্রদের জন্য বিশেষ করে মঙ্গার সময়ে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য সুনির্দিষ্ট বিশেষ কর্মসূচি অনুপস্থিত। সরকারের বিভিন্ন বিভাগ, স্থানীয় সরকার এবং কোন কোন ক্ষেত্রে স্থানীয় উদ্যোগের সাথেও কার্যকর সংযোগ প্রতিষ্ঠার প্রয়োজন আলোচিত হয়।
সভায় বক্তারা আরও বলেন, মঙ্গা মোকাবেলায় সবচাইতে জরুরী ও পূর্বশর্ত হচ্ছে হতদরিদ্র মানুষের আয় ও কর্মসংস্থান বাড়ানো। এক্ষেত্রে মুজুরি ভিত্তিক কর্মসংস্থানের চেয়ে স্বকর্মসংস্থান অধিক কার্যকরী।
