চট্টগ্রাম বন্দর উন্নয়নে যুক্তরাষ্ট্র সহায়তা দিতে আগ্রহী
চট্টগ্রাম সমুদ্র বন্দর উন্নয়নে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
ইউএস ট্রেড এন্ড ডেভেলপমেন্ট এজেন্সির (ইউএসটিডিএ) এশিয়া অঞ্চলের ম্যানেজার স্টেচি ই বন্নাফন্স বুধবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের (সিসিসিআই) পরিচালকদের সাথে মতবিনিময় কালে এ আগ্রহ প্রকাশ করেন।
সিসিসিআই মিলনায়তনে মতবিনিময় কালে স্টেচি বন্নাফন্স বাংলাদেশের বিদ্যুৎ খাত, সফ্টওয়্যারসহ অন্যান্য খাতেও সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, বিশ্বব্যাপি বাণিজ্য সহায়ক পরিবেশ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ সময় সিসিসিআই’র পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে চট্টগ্রামে একটি কমার্শিয়াল সেন্টার স্থাপন ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ার অনুরোধ জানানো হয়।
মতবিনিময় অনুষ্ঠানে সিসিসিআই পরিচালক আমিরুল হক ও মাহবুব আলীসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
