২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থলবন্দরগুলোকে জাতীয় রাজস্ব বোর্ডের আওতায় নিয়ে আসার সুপারিশ করেছে সংসদীয় কমিটি

অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি বুধবার দেশের স্থলবন্দরগুলোকে জাতীয় রাজস্ব বোর্ডের আওতায় নিয়ে আসার সুপারিশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের সাথে এক বৈঠকের পর অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মুশফিকুর রহমান সাংবাদিকদের বলেন, স্থলবন্দরগুলোকে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতায় রাখার কোনও যুক্তি নেই। স্থলবন্দরের সাথে নৌপরিবহনের কোনও সম্পর্কই নেই।

তিনি বলেন, অর্থ মন্ত্রী কমিটির কাছে এ ব্যাপারে একটি আনুষ্ঠানিক প্রস্তাব চেয়েছেন এবং বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করার ব্যাপারে প্রতিশ্র“তিও দিয়েছেন।

অর্থমন্ত্রীর সাথে বৈঠকে কমিটির সদস্য এমএ খালেক, মশিউর রহমান রাঙ্গা, সাইদুল হক, গাজী এম শাহাজাহান ও রিয়াসত আলী উপস্থিত ছিলেন।

তারা জানান, প্রকৃতপক্ষে স্থলবন্দর রাজস্ব খাতের অংশ তাই এটিকে রাজস্ব খাতের অধীনে নিয়ে আসা উচিত।

এমএ খালেক বলেন, স্থলবন্দর নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হওয়ার কোনও কারণ দেখি না।

জাতীয় পার্টির (এরশাদ) সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা বলেন, স্থলবন্দরের পরিস্থিতি দেখার জন্য সম্প্রতি আমরা কক্সবাজার, হিলি ও বুড়িমারী বন্দর পরিদর্শনে গিয়েছিলাম।

পঞ্চগড়ের বাংলাবান্ধা, দিনাজপুরের হিলি ও বিরল, চাপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, কুমিল্লার বিবিরবাজারসহ সারা দেশের ১৩ টি বন্দর শিগগিরই প্রাইভেট খাতে হস্তন্তর করা হবে। ইতিমধ্যে টেকনাফ স্থলবন্দরটি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে এবং বেনাপোল বন্দরটি সরকার পরিচালনা করছে।

বন্দর পরিচালনাকারি মালিকানাভিত্তিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম মূল্যায়নের পর বুড়িমারী, দর্শনা, ভোমরা, হালুয়াঘাট, তামাবিল ও আখাউড়া স্থলবন্দরও বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে।