অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্যরা ২ কোটি টাকা উন্নয়ন বরাদ্দ পাবেন
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বুধবার অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের এলাকার উন্নয়ন কাজের জন্য প্রত্যেককে ২ কোটি টাকা বরাদ্দ দেয়ার সম্মতি দিয়েছেন।
কমিটির একজন সদস্য জানান, “অর্থমন্ত্রী পরিকল্পনা সচিবকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন অর্থমন্ত্রী।”
এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্যদের সঙ্গে বুধবার অনুষ্ঠিত বৈঠকে সাইফুর রহমান এ সম্মতি দেন।
বৈঠকে বাজেট বাস্তবায়নের প্রক্রিয়া, সরকারি ক্রয় সংক্রান্ত বিধির সংশোধন ও স্থল বন্দরের কার্যকর ব্যবহার বিষয়ে আলোচনা হয়।
কমিটির আরেক সদস্য বলেন, আগামী নির্বাচনের আগে আমাদের এলাকায় উন্নয়নের জন্য, বিশেষ করে সড়ক নির্মানের জন্য অর্থ মন্ত্রীর কাছে তহবিল বরাদ্দের আহবান জানানো হয়েছে।”
অন্যান্য সংসদ সদস্যরা এ সুবিধা পাবে কিনা জানতে চাইলে এক এমপি বলেন, “এই বরাদ্দ শুধুমাত্র অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের জন্য।”
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মুশফিকুর রহমান বলেন, দূর্নীতি হ্রাস ও ফলাফলের দৃষ্টিকোণ থেকে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) টেন্ডার পদ্ধতির চেয়েও ভাল।
তিনি বলেন, আমরা পানি সম্পদ মন্ত্রনালয়কে পিআইসি আওতাভুক্ত করার জন্য অর্থমন্ত্রীকে পরামর্শ দিয়েছি।
মন্ত্রী বলেন, দেশ ও মানুষের স্বার্থে উন্নয়ন কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নে সংসদীয় কমিটির পর্যবেক্ষণ, তত্ত্বাবধান ও প্রয়োজনে আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
তিনি সংসদীয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনসম্পৃক্ত উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংসদীয় কমিটির সামগ্রিক তদারকি জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন।
আগামী ৩০ আগস্ট পরবতী বৈঠক বসবে। এ সময় সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা, সাইয়েদুল হক, রিয়াসত আলী এবং গাজী এম শাহজাহান, পরিকল্পনা সচিব, আইএমইডি সচিব, ইআরডি সচিব ও অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উপস্থিত ছিলেন।
