২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ দিন পর বেনাপোল বন্দরে কাজ শুরু, একদিনে রাজস্ব আদায় ৩ কোটি ২০ লাখ টাকা

টানা ২০ দিন বন্ধ থাকার পর বুধবার থেকে আবার বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 08:03 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

কাস্টমস-এর একটি সূত্র জানায়, এদিন রাজস্ব আদায় হয়েছে ৩ কোটি ২০ লাখ টাকা। ভারত থেকে এ পর্যন্ত তিনশ’ পণ্যবোঝাই ট্রাক প্রবেশ করেছে বেনাপোল বন্দরে। ভারতের পেট্রাপোল বন্দর, মক্কেলের পার্কিং ও বনগাঁও এলাকায় ছয় হাজার পণ্যবোঝাই ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় পড়ে আছে যত্রতত্র।

এদিকে কাস্টমস হাউজে মালামাল ছাড় করানোর জন্যে আজ দুশ’ বিল অব এন্ট্রি দাখিল হয়েছে।

কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, আজকের তুলনায় আগামীকাল রাজস্ব আয় আরো বৃদ্ধি পাবে। কর্তৃপক্ষ জানান, রাজস্ব আদায়ের স্বার্থে শুক্রবার সরকারি ছুটির দিনেও তারা কাস্টমস ও বন্দরে স্বাভাবিক কাজকর্ম চালু রাখার কথা ভাবছেন। দুপুরের দিকে বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল আমদানি রফতানি তরান্বিত করতে ভারতের পেট্রাপোল বন্দর ব্যবহারকারীদের সাথে জরুরি বৈঠক করেছেন।

বৈঠকে দ্রুত পণ্য রফতানি ও আগামী শুক্রবার সরকারি ছুটির দিনেও আমদানি রফতানি চালুর বিষয়ে ঐকমত্য হয়। বন্দর ব্যবহারকারি চার হাজার শ্রমিক বন্দর ও কাস্টমস-এ কাজে যোগ দিয়েছে। বন্দর ব্যবহারকারি ১২টি সংগঠন তাদের ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে লাগাতার ধর্মঘটের ডাক দেয়।

২০ দিনের ধর্মঘটের এক পর্যায়ে ৭ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ড ধর্মঘটী বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এবং ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের সাথে ফলপ্রসূ বৈঠকে ধর্মঘটীদের ১০ দফা দাবি মেনে নিলে ধর্মঘট স্থগিত করা হয়।