২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্যাপ-১ এর জন্যে দেয়া ঋণ সরবরাহ চুক্তি সহজ শর্তে ঋণে রূপান্তর করবে চীন

বাংলাদেশের ডাই-এমোনিয়াম ফসফেট (ড্যাপ) প্রকল্পে দেওয়া তিন কোটি ১০ লাখ মার্কিন ডলারের ঋণ সরবরাহ চুক্তিটি চীন সহজ শর্তের ঋণে রূপান্তরিত করবে। বৃহস্পতিবার এ উপলক্ষে চীন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তাদের সাথে এক বৈঠকে বসবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2005, 07:22 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

ইআরডি’র উচ্চপদস্থ এক কর্মকর্তা জানান, চীন এ মাসে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বেইজিং সফরের আগেই এ সংক্রান্ত সব ধরনের কার্যক্রম সম্পন্ন করতে চায়।

ইআরডি’র যুগ্মসচিব (এশিয়া) এ বৈঠকে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেবেন।

২০০০ সালের ১৩ সেপ্টেম্বর সাক্ষরিত দ্বিপাক্ষিক একটি চুক্তির মাধ্যমে চীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনে ড্যাপ প্লান্ট প্রতিষ্ঠার জন্য পাঁচ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের ঋণ দেয়।

পাঁচ কোটি ৬০ লাখ ডলারের এ ঋণ সহায়তার মধ্যে সুদ, অনুদান, অগ্রাধিকার ভিত্তিক ঋণ (আইএসপি) দুই কোটি ৫০ লাখ মার্কিন ডলার এবং বাকি তিন কোটি ১০ লাখ মার্কিন ডলার ঋণ সরবরাহ চুক্তির আওতায় প্রদান করা হয়।

চীনের দেওয়া পূর্ববর্তী ঋণগুলোর একটির কঠিন শর্ত ও চড়া সুদের  (তিন দশমিক পাঁচ শতাংশ) এবং ১০ শতাংশ ডাউন পেমেন্টের কারণে রেয়াত সুবিধা পাওয়ার ব্যাপারে বাংলাদেশ চীনকে অনুরোধ জানায়।

এ বছরের ৭ এপ্রিলে চীনের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের সময় ঋণ সরবরাহ চুক্তিটি রূপান্তরের ব্যাপারে একটি চুক্তি সাক্ষরিত হয়।

ইআরডি’র একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, চুক্তিটি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারের সাথে আলোচনার জন্য চীন সরকার এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের (এক্সিম) একজন উচ্চপদস্থ প্রতিনিধিকে পাঠাচ্ছে। আলোচনার মাধ্যমে সম্ভব হলে দুই পক্ষ ঋণচুক্তিটি রূপান্তরের ব্যাপারে একটি চুক্তিও স্বাক্ষর করবে।

এ বছর চীন-বাংলাদেশ সম্পর্কের ৩০ বছর পূর্তি উপলক্ষে বন্ধুত্বের নিদর্শন হিসেবে ঋণদাতা ব্যাংক এক্সিমের মাধ্যমে অনুদান প্রদান করে চীন সরকার ঋণ সরবরাহ চুক্তিটিকে সহজ শর্তের ঋণে রূপান্তরিত করবে।