বেনাপোলে ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক কাজকর্ম শুরু বুধবার
দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে সিঅ্যান্ডএফ এজেন্টদের ধর্মঘটের কারণে সৃষ্ট অচলাবস্থার অবসান হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে মঙ্গলবার ধর্মঘট আহ্বানকারী ফেডারেশন অব বাংলাদেশ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ফলপ্রসূ আলোচনার পর তারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়। বুধবার থেকে বন্দরের স্বাভাবিক কাজকর্ম চালু হবে।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফেডারেশন অব বাংলাদেশ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ধর্মঘট প্রত্যাহার এবং বুধবার থেকে পুনরায় বন্দরের স্বাভাবিক কাজকর্ম চালুর ঘোষণা দেয়।
বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এবং অন্যান্য সংগঠন গত ২১ জুলাই থেকে ১২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্যে ধর্মঘট আহ্বান করেছিল। ধর্মঘটের কারণে প্রতিদিন বন্দরের চার কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে বন্দর সূত্রে জানা গেছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হাজার হাজার পণ্যবাহী ট্রাক বেনাপোলের বিপরীতে পেত্রাপোলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে।
বাংলাদেশের অন্যতম প্রধান রফতানি খাত টেক্সটাইল শিল্প ভারত থেকে বেনাপোল বন্দরের মাধ্যমে আনা সুতার ওপর অনেকাংশে নির্ভরশীল। কতিপয় ভারতীয় ব্যবসায়ি সমুদ্রপথে বাংলাদেশে সুতা পাঠানোর চেষ্টা করছিল বলে ভারতীয় বার্তাসংস্থার খবরে জানা যায়।
রফতানিমুখী পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ সোমবার এক বিবৃতিতে জাতীয় অর্থনীতির বৃহত্তর স্বার্থে বেনাপোল বন্দরের পরিস্থিতি স্বাভাবিক করতে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়।
সাংবাদিক সম্মেলনে ফেডারেশন অব বাংলাদেশ সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের উপদেষ্ঠা এম সলিমুল্লাহ লিখিত বক্তব্যে জানান, অভিযোগসমূহ নিস্পত্তি করতে সুপারিশ করার জন্যে একটি কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, জাতীয় রাজস্ব বোর্ড বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্টদের ১২ দফার অধিকাংশ দাবি মেনে নিয়েছে। অ্যাসোসিয়েশনের দাবিগুলো কমিটির প্রতিবেদন দেওয়ার পর বিবেচনা করা হবে।
সম্মেলনে ফেডারেশনের সভাপতি আবুল ফজল তালুকদার, সাধারণ সম্পাদক একেএম আকতার হোসেনও বক্তব্য রাখেন।
