কোটামুক্ত ছয় মাসে ও’ভেন গার্মেন্টস রপ্তানি সাড়ে ৪ শতাংশ কমেছে
কোটামুক্ত প্রথম ছয় মাসে ও’ভেন গার্মেন্টস রপ্তানি কমেছে ৮ কোটি ৮০ লাখ ডলার। গত বছরের তুলনায় এ বছর জানুয়ারি থেকে জুন মাসে ও’ভেন গার্মেন্টস রপ্তানি সাড়ে চার শতাংশ কমেছে। এসময় ও’ভেন গার্মেন্টস রপ্তানি হয় প্রায় ১৭৬ কোটি ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্র জানায়, কোটামুক্ত হওয়ার পর বস্ত্র খাতে তীব্র প্রতিযোগিতা সৃষ্টি হয়। ফলে তৈরি পোশাক শিল্পে ধস নামার আশংকা প্রকাশ করা হয়েছিল। যদিও কোটামুক্ত সাত মাসে এ শিল্পে ঝুঁকি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।
আমেরিকার বাজারে ক্রমাগত তিন বছর এ খাতে রপ্তানি কমলেও গত অর্থবছরে প্রায় ১৮ শতাংশ রপ্তানি বেড়েছে। গত অর্থবছরে ও’ভেন খাতে মার্কিন প্রাধান্য আবারও ফিরে এসেছে। ২০০৪ অর্থবছরে ওই একবারই মার্কিন প্রাধান্য হ্রাস পেয়েছিলো।
অন্যদিকে এ খাতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজারে রপ্তানি ক্রমাগত বাড়লেও কোটামুক্ত সময়ে কমেছে প্রায় ১৫ শতাংশ। দেশের ও’ভেন রপ্তানিতে মার্কিন বাজারে হ্রাস পেলেও জিএসপির কারণে ২০০১ থেকে ইইউ’র বাজার দ্রুত বেড়েছে।
সূত্র জানায়, এ খাতের মোট রপ্তানি প্রথম দুমাসে বড় ধরনের উত্থান পতনের পর মার্চ ও এপ্রিলে গড়ে সাড়ে ১২ শতাংশ হ্রাস পেয়েছে। তবে মে ও জুন মাসে ও’ভেন গার্মেন্টস রপ্তানি হ্রাস পাওয়া প্রায় বন্ধ হয়েছে। এ দুমাসে গড়ে দেড় শতাংশ রপ্তানি হ্রাস পেয়েছে।
গত অর্থবছরে এ খাতে রপ্তানি এক দশমিক সাত শতাংশ বাড়লেও তার আগের অর্থবছরে এ বৃদ্ধির হার ছিলো ৮ দশমিক ৫৯ শতাংশ। যদিও গত অর্থবছরে প্রথম ছয় মাসে এ খাতের বৃদ্ধির হার ছিলো দশ শতাংশের বেশি।
আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) গত বছরের জুলাই মাসের প্রতিবেদনে তৈরি পোশাক খাতে রপ্তানিতে ধস নামার বিষয়ে আশংকা প্রকাশ করা হয়েছিল। এ প্রতিবেদনে বলা হয়, কোটামুক্ত হওয়ার প্রভাবে গত অর্থবছরের রপ্তানি সামগ্রিকভাবে পাঁচ শতাংশ হ্রাস পাবে।
এ বিষয়ে গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি আনিসুল হক বিডিনিউজকে বলেন, এ খাতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জিএসপি সুবিধায় সার্ক ও আসিয়ান কিউম্যুলেশন বাস্তবায়নে সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। ফলে ইইউ’র বাজারে নেতিবাচক পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে।
এদিকে রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্র জানায়, গত অর্থবছরে ডজন প্রতি ও’ভেন গার্মেন্টস রপ্তানি মূল্য তার আগের বছরের তুলনায় প্রায় ১০ মার্কিন সেন্ট বা ছয় টাকা হ্রাস পেয়েছে। যদিও ও’ভেন গার্মেন্টস রপ্তানির পরিমাণ বেড়েছে প্রায় দুশতাংশ।
বিজিএমইএ সভাপতি জানান, ও’ভেন রপ্তানিতে মার্জিন কমে যাচ্ছে, যা আরো নেতিবাচক পরিস্থিতি তৈরি করছে। তবে ইয়ানের অতিমূল্যায়ন ও চীনের পোশাক রপ্তানির ওপর প্রতিবন্ধকতা আমাদের দেশের রপ্তানির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি বলেন, এ খাতের সংকোচন সামগ্রিক অর্থনীতিতে দীর্ঘ মেয়াদে নেতিবাচক প্রভাব ফেলবে।
গত অর্থবছরের ও’ভেন রপ্তানির অবদান মোট রপ্তানির ৪৫ শতাংশের নিচে নেমেছে। অথচ বছর দুয়েক আগে এ অবদান ছিলো প্রায় ৫০ শতাংশ।
কোটামুক্ত সময়ে –ওভেন গার্মেন্টস রপ্তানি:
২০০৪ ২০০৫ প্রবৃদ্ধি
(+বৃদ্ধি/ - হ্রাস)
জানুয়ারি- জুন ১৮৬৩ ১৭৭৫ -৪ দশমিক ৭০
জুলাই- ডিসেম্বর ১৬৭৫ ১৮২৩ + ১০ দশমিক ৬৯
জুলাই- জুন ৩৫৮৩ ৩৫৯৮ +১ দশমিক ৭০
