ভূয়া আমদানি মূল্য সার্টিফিকেট প্রদানের জন্য পিএসআই কোম্পানি অভিযুক্ত
বাংলাদেশ রেক্সিন প্লাস্টিক উৎপাদক সমিতি (বিআরপিএমএ) সোমবার প্রি শিপমেন্ট কোম্পানি ইটারটেক এর বিরুদ্ধে আন্ডার ইনভয়েসের মাধ্যমে কর ফাঁকি দেয়ার উদ্দেশ্যে ভুয়া আমদানি মূল্য সার্টিফিকেট প্রদানের অভিযোগ করেছে।
বিআরপিএমএ সভাপতি এম এন এইচ বালু ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে বলেন, এইচএস কোড অনুসারে প্রতি কেজি পিভিসি প্লাস্টিক শিট এর মূল্য এক দশমিক ছয় মার্কিন ডলার। কিন্তু কোম্পনি প্রতি কেজি শুন্য দশমিক ৬৭ ডলার এবং কাস্টমস কর্তৃপক্ষ শুন্য দশমিক ৭৫ ডলার ধার্য করেছে।
তিনি বলেন, কেরানিগঞ্জের এসএস ইন্টারন্যাশনাল ১২ দশমিক ৩৩ টন পিভিসি প্লাস্টিক শিট কর ও শুল্কসহ প্রতি টন ৭৫০ ডলারে আমদানি করে। যদিও কর ও শুল্কসহ প্রতি টনে এই হার হওয়া উচিত ১৬৬০ ডলার। বালু অভিযোগ করেন, কাস্টমস কর্মকর্তা ও পিএসআই কোম্পানির সহায়তায় আমদানিকারক প্রতিষ্ঠানটি ১১২২০ দশমিক ৩০ মিলিয়ন ডলার শুল্ক ও অন্যান্য কর ফাঁকি দিয়েছে।
এএস ইন্টারন্যাশনাল ও এমএস এন্টারপ্রাইজ এর এই ধরণের আরও দু’টি অভিযোগসহ সব অভিযোগ তদন্ত করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি আহবান জানান বিআরপিএমএ সভাপতি এম এন এইচ বালু।
