এফবিসিসিআই’র নির্বাচনী পুন:তফসিল স্থগিত ঘোষণা করেছে হাইকোর্ট
হাইকোর্ট ৫ আগস্ট ঘোষিত ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)’র নির্বাচনী পুন:তফসিল অনুযায়ী নির্বাচনী কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।
নির্বাচনী কার্যক্রমকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে হাইকোর্ট সোমবার তিন সপ্তাহের রুল জারি করেছে এফবিসিসিআই নির্বাচনী বোর্ড, ডিরেক্টরেট অব ট্রেড অর্গানাইজেশন (ডিটিও) এবং বাণিজ্য সচিবের প্রতি।
লক্ষ্মীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক দেওয়ান সুলতান আহমেদ এবং চাপাই নবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুল ওয়াহেদের একটি রিট আবেদনের শুনানি শেষে আদালত এ রুল জারি করে।
রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুন:তফসিলের কার্যক্রম স্থগিত থাকবে।
দুই ব্যবসায়ী নেতা নির্বাচনী বোর্ড ঘোষিত পুন:তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে এবং আগের তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে রিট আবেদন দায়ের করেন।
বিচারপতি এমএ মতিন ও বিচারপতি মামনুন রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চে দায়ের করা রিট আবেদনে বলা হয়, এফবিসিসিআই বিধান অনুযায়ী কমিটির মেয়াদ শেষ হওয়ার ১৫ দিন আগে নির্বাচন সম্পন্ন করতে হবে।
এতে আরও বলা হয়, বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে আগামী ৯ সেপ্টেম্বর। সে অনুযায়ী আগামী ২৫ আগস্টের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।
আদালত আইনজীবীদের শুনানি শেষে রিট আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই পুন:তফসিলের কার্যক্রম স্থগিত রাখার আদেশ দেন।
আবেদনকারিদের পক্ষে ড. এম জহির এবং এফবিসিসিআই’র পক্ষে ব্যারিস্টার তানজিবুল আলম শুনানিতে অংশ নেন।
আইনজীবীরা বলেছেন, আদালতের এ আদেশের মাধ্যমে পূর্বের তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের পথ খুলে গেল।
পুন:তফসিল অনুযায়ী আগামী ১০ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠানের কথা। এর আগের তফসিলে নির্বাচন অনুষ্ঠানের তারিখ ছিল ২১ আগস্ট।
