বেনাপোল বন্দরের ধর্মঘট অব্যাহত, এর মধ্যেই রাজস্ব আয় ৪০০ কোটি টাকা
বেনাপোল বন্দরে অচলাবস্থার ১৮তম দিন অতিবাহিত হলেও কাস্টমস কর্তৃপক্ষ অনড় অবস্থানে রয়েছেন। এদিকে ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে বেনাপোল কাস্টমস হাউজের সামনে ধর্মঘটী পাঁচটি সংগঠনের উদ্যোগে রোববার সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ধর্মঘটীরা সকালে কাস্টমস কর্মকর্তাদের অফিসে যেতে বাধা সৃষ্টি করে বলে জানা গেছে।
এদিকে ধর্মঘটের মধ্যেও বেনাপোল বন্দরে প্রায় চার শ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে। বেনাপোল কাস্টমস’র জয়েন্ট কমিশনার হোসেন আহমেদ বলেছেন, ধর্মঘট চললেও সরকারের বড় ধরনের কোন ক্ষতি হয়নি। তিনি বলেন, ইতোমধ্যে ভোমরা, সোনা মসজিদ, হিলিসহ চারটি স্থলবন্দর দিয়ে মালামাল আমদানির পথ উন্মুক্ত করা হয়েছে। তিনি আমদানিকারকদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, আমদানিতে সব ধরনের সহযোগিতা করতে হবে।
এদিকে দীর্ঘ অচলাবস্থার কারণে সমস্যায় পড়েছে বন্দর শ্রমিকরা। হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সরদার আব্দুল আজিজ জানান, বন্দরে তাদের প্রায় হাজারখানেক শ্রমিক রয়েছে। ধর্মঘটের ফলে তাদের কাজ প্রায় বন্ধ। তারা অচলাবস্থার নিরসন চান। অন্য শ্রমিকদেরও একই অভিমত।
এদিকে ধর্মঘটের পক্ষে সমর্থন জানিয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি শামসুর রহমান বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
