ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে রাজনৈতিক সদিচ্ছার ওপর গুরুত্ব দিলেন শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে রাজনৈতিক সদিচ্ছার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।
তিনি বলেন, রাজনৈতিক সুসম্পর্ক স্থাপন করা গেলে শুধু ভারত নয়, যে কোনো দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন সম্ভব। ।
রোববার সুধাসদনে সেন্টার ফর পলিসি ডায়ালগ এবং ইণ্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত বাণিজ্য, বিনিয়োগ ও সংযোগ সংলাপে অংশগ্রহণকারী বাংলাদেশ ও ভারতের প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
বৈঠকে ভারতীয় প্রতিনিধি দল জানায়, মুক্তবাজার অর্থনীতি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা গেলে বাণিজ্য ঘাটতি কমে আসবে। আর বাণিজ্যিক সম্পর্ক বাড়লেই রাজনৈতিক সম্পর্কও উন্নত হবে।
বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ভারতের এ প্রতিনিধি দলের প্রধান এবং ঢাকায় দিল্লীর সাবেক হাই কমিশনার দেব মুখার্জী বৈঠক শেষে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, দু’ দেশের বাণিজ্য কিভাবে বাড়ানো যায়, বিরোধী দলীয় নেতার সঙ্গে এ বিষয়ে আমরা আলোচনা করেছি।
তিনি বলেন, আমাদের মধ্যে রাজনৈতিক সুসম্পর্ক আছে, থাকবে। বাণিজ্য ঘাটতি কমাতে শুধুমাত্র সরকার নয়, বেসরকারি উদ্যোগ বাড়ানো দরকার।
টাটা’র উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, বাণিজ্যিক সুসম্পর্ক বাড়লেই সকল ধরনের সম্পর্কের উন্নয়ন হবে।
দেব মুখার্জি তার দেশের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ভারতের সকল দলই বাণিজ্যিক উন্নয়নের ব্যাপারে একমত।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, শুধু ভারত নয়, আমরা চাই বাংলাদেশের সঙ্গে পুরো এশিয়ার রাজনৈতিক, বাণিজ্যিক উন্নয়ন।
তিনি বলেন, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বাণিজ্য ঘাটতি দূর করা গেলেই আমরা অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করতে পারবো। দারিদ্য বিমোচনের গৃহীত পদক্ষেপগুলোও এগিয়ে নেয়া সম্ভব রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে।
সকাল ১১ টা থেকে এক ঘন্টার এ বৈঠকে দেব মুখার্জি ছাড়াও ভারতীয় প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সতিশ পাইলট এমপি (কংগ্রেস), নীলোৎপল বসু এমপি (সিপিআই), এসকে অরোরা এমপি (বিজেপি), জর্জ বার্গিস, প্রদীপ সেন, সুজিত গুপ্ত ও সুরেন্দ্র দত্ত।
সিপিডি’র পক্ষে রেহমান সোবহান, মঞ্জুর এলাহী ও দেবপ্রিয় ভট্টাচার্য বৈঠকে অংশ নেন।
এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল ছাড়াও প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ্ ও শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
