গত অর্থবছরে সফটওয়্যার রপ্তানি ৮৫ শতাংশ বেড়েছে
গত অর্থ বছরে দেশের সফটওয়্যার রপ্তানি ৮৫ শতাংশ বেড়েছে বলে ব্যাসিস নেতারা অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানকে অবহিত করেছেন।
অর্থমন্ত্রী স্থানীয় সফটওয়্যার এবং তথ্যপ্রযুক্তি নির্ভর সেবা প্রদানে দেশের সফটওয়্যার কোম্পানিগুলোর উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার অর্থমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিস (ব্যাসিস) এর নেতৃবৃন্দ তার সাথে সাক্ষাতের জন্য আসেন।
স্থানীয় সফটওয়্যার কোম্পানিগুলোর উন্নয়নে অর্থায়নই তাদের প্রধান সমস্যা বলে জানান ব্যাসিস’র বোর্ড সদস্যরা। অর্থমন্ত্রী নেতৃবৃন্দকে এ ব্যাপারে তার সহযোগিতার আশ্বাস দেন।
সমিতির ভারপ্রাপ্ত সভাপতি টিআইএম নুরুল কবির, পরিচালক ফাহিম মাশরুর, জাহিদুল ইসলাম এবং সৈয়দ ফারুক আহমদকে নিয়ে গঠিত ব্যাসিস’র পরিচালক বোর্ড অর্থমন্ত্রীর সাথে সাক্ষাত করেন।
ব্যাসিস সদস্যরা জানান, সফটওয়্যার এবং তথ্যপ্রযুক্তি নির্ভর সেবা খাতে দেশে বর্তমানে ৩৭০ কোটি টাকার বাজার রয়েছে। ২০০৮ সালের মধ্যে প্রতিবছর এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৭৫০ কোটি টাকা।
নেতৃবৃন্দ এ খাতের প্রবৃদ্ধির জন্য ব্যাংকিং খাত, টেলিকম, বিদ্যুৎ ও জ্বালানি খাত এবং বেসরকারি খাতের বিশাল পরিসরের স্বয়ংক্রিয়তাসহ ই-গভার্নেন্স বাস্তবায়নের ওপর বিশেষ আলোকপাত করেন।
অর্থমন্ত্রী বলেন, সরকারের গুরুত্বপূর্র্ণ ক্ষেত্র যেমন কাস্টমস, শুল্ক, ভুমি রেকর্ড ব্যবস্থাপনায় অধিক হারে সফটওয়্যার ব্যবহার সরকারের অতিরিক্ত রাজস্ব আয়ে বিশেষ অবদান রাখবে।
নেতৃবৃন্দ সফটওয়্যার এবং তথ্যপ্রযুক্তি নির্ভর সেবা শিল্পের জন্য বিশেষ ফান্ডের ব্যবস্থা করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানান, যার ফলে সফটওয়্যার এবং তথ্যপ্রযুক্তি নির্ভর সেবা দানকারি কোম্পানিগুলো ব্যাংক অথবা আর্থিক সংস্থাগুলো থেকে তিন থেকে চার শতাংশ সুদে চলতি মূলধন নেয়ার সুবিধা পাবে।
এছাড়াও তারা দেশের তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলোকে সহযোগিতার ক্ষেত্রে সরকারের ইকুইটি অ্যান্ড এন্টারপ্রিনারশিপ ফান্ড (ইইএফ) এর বিষয়েও অর্থমন্ত্রীকে অবহিত করেন।
