ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের অর্থ প্রেরণ গত অর্থবছরের তুলনায় বেড়েছে
চলতি অর্থবছরের প্রথম মাসে প্রবাসী বাংলাদেশীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ গত ২০০৪-০৫ অর্থবছরের জুলাই মাসের তুলনায় ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শনিবার বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র এ খবর জানায়।
বাংলাদেশ ব্যাংকের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, টাকার অবমূল্যায়ন, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন ও সতর্কতা জোরদার এবং সরকারি উদ্যোগ এ সাফল্যকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছে।
তিনি বলেন, সরকার ও বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের ফলে ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের অর্থপ্রেরণের হার বেড়েছে।
সাম্প্রতিক সময়ে ডলারের বিপরীতে টাকার মূল্যহ্রাসের কথা উল্লেখ করে ওই কর্মকর্তা জানান, রফতানিকারক ও অর্থপ্রেরকরা টাকার মূল্যহ্রাস তরান্বিত করেছেন।
রেমিটেন্সের এ বৃদ্ধি বৈদেশিক মুদ্রাবাজারে বর্তমানে বিরাজমান চাপ কিছু ক্ষেত্রে কমিয়ে আনবে বলে তিনি আশা করেন।
চলতি অর্থবছরের জুলাই মাসে রেমিটেন্সের পরিমাণ ছিল ৩৪ কোটি ৯৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। গত ২০০৪-২০০৫ অর্থবছরের জুলাইয়ে রেমিটেন্সের পরিমাণ ছিল ২৮ কোটি ৬৬ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে, গত ২০০৩-০৪ অর্থবছরে রেমিটেন্সের পরিমাণ ছিল ৩৩ হাজার সাতশ’ ১৯ লাখ ১০ হাজার ডলার। ২০০৪-০৫ অর্থবছরে রেমিটেন্সের পরিমাণ ১৪ দশমিক ১২ শতাংশ বেড়ে ৩৮ হাজার চারশ’ ৮২ কোটি ৯০ লাখ ডলারে উন্নীত হয়।
বাংলাদেশ ব্যাংকের সূত্র জানায়, হুন্ডি ও অন্যান্য উপায়ে প্রবাসীদের অর্থপ্রেরণের বিপরীতে ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের অর্থপ্রেরণ আরও বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংক বেশকিছু পদক্ষেপ নিয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, প্রবাসীদের পাঠানো অর্থ এখন মাত্র তিনদিনের মধ্যে প্রাপকের হাতে পৌঁছে যাচ্ছে এবং তারা পর্যাপ্ত পরিমাণে বিনিময় সুবিধাও পাচ্ছেন।
ওই কর্মকর্তা আরও জানান, সহজ ও দ্রুততর ব্যবস্থা, ব্যাংকগুলোতে প্রতি সপ্তাহে রেমিটেন্সের প্রবাহ পরিদর্শন এবং মানি লন্ডারিং বিরোধী আইনের যথার্থ প্রয়োগের মাধ্যমে হুন্ডির পরিমাণ কমে আসার কারণে ব্যাংকগুলোতে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের মতে, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর তুলনায় সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে রেমিটেন্সের প্রবাহ বেশি।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা জানান, যে ব্যাংক প্রবাসীদের পাঠানো অর্থ তাদের দোরগোড়ায় পৌঁছে দেয়, প্রবাসীরা সে ব্যাংকগুলোর মাধ্যমেই অর্থপ্রেরণে বেশি আগ্রহী।
