২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারিদ্র্য নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিশ্র“তি

আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে নতুন অংশীদারিত্ব পরিকল্পনার মাধ্যমে বিশ্ব দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যকে জাতীয়ভাবে সফল করতে শুক্রবার জাকার্তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্বের ৪০ টি দেশের মন্ত্রী ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা এ ব্যাপারে ঐকমত্যে পৌঁছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 04:00 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিশেষ করে দরিদ্র দেশগুলোর দারিদ্র্য নির্মূল করে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়টি জাকার্তা ঘোষণায় প্রতিফলিত হয়েছে। ইন্দোনেশিয়ার সমাজকল্যাণ মন্ত্রী আলভি শিহাদ ঘোষণাটি উপস্থাপন করেন।

শনিবারে পাওয়া এক বার্তায় জানা যায়, দারিদ্র্য মোকাবেলায় লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিটি দেশের সরকারকে প্রয়োজনীয় ও সম্ভাব্য সকল ক্ষেত্রে সহযোগিতা করার জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও জাতিসংঘ সহস্রাব্দ উন্নয়ন কর্মসূচির প্রতিও বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

জাকার্তায় তিনদিনের বৈঠকে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্বল্পোন্নত দেশগুলোর দ্যরিদ্র্য মোকাবেলার বিষয়টি প্রাধান্য পেয়েছে। পাশাপাশি বাণিজ্য, স্বাস্থ্য ও পরিবেশের ভারসাম্যের ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচিত হয়েছে।

জাকার্তা ঘোষণায় দাতা দেশগুলোকে সহজ শর্তে ও কার্যকরভাবে অনুদান ত্বরান্বিত করা এবং দরিদ্র ও স্বল্পোন্নত দেশগুলোকে সুশাসন প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। এছাড়া স্বল্পোন্নত দেশগুলোর সাথে বাণিজ্যিক, অবকাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে তাদের দারিদ্র্য দূরীকরণে সহযোগিতা করার জন্য ইস্ট এশিয়ান টাইগার নামে পরিচিত নতুন দেশগুলোর প্রতিও আহ্বান জানানো হয়।

ঘোষণায় বলা হয়, দরিদ্রতা নির্মূলে আগামী দশ বছর অনেক কিছুই করতে হবে। এজন্য এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন।

এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পক্ষে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোনো জাতিসংঘ সাধারণ পরিষদের ২০০৫ সালের সেপ্টেম্বর মাসের শীর্ষ সম্মেলনে এ ঘোষণাটি উপস্থাপন করবেন। 

সভায় এ অঞ্চলের স্বাস্থ্য ও পরিবেশ সমস্যা এবং উদ্ভূত সমস্যা মোকাবেলায় তাদের করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে।

ঘোষণায় বলা হয়, এ অঞ্চলের বহু দেশের উন্নয়ন তেলের মূল্যের উর্ধ্বগতির কারণে হুমকির সম্মুখীন। এজন্য বিকল্প জ্বালানি উৎপাদনে সহযোগিতা, জ্বালানি ব্যবহারের সহজলভ্যতা ও সরবরাহ নিশ্চিত করার কথা বলা হয়েছে।

বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলটি বেশি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ। দুর্যোগ মোকাবেলায় ও দুর্যোগের আগেই পূর্বসতর্কতা প্রদানের পদ্ধতি প্রতিষ্ঠায় সম্মিলিত সহযোগিতার ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া বার্ড ফ্লু, এইডস/এইচআইভি’র মতো সংক্রামক ব্যাধিগুলোর মহামারী প্রতিরোধে প্রযুক্তিগত সহযোগিতার কথা বলা হয়েছে।