২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা--জাকার্তা সরাসরি বিমান যোগাযোগ চালু করতে অর্থমন্ত্রীর আহ্বান

অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান ক্রমবর্ধমান বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে দুই দেশের রাজধানীর মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের জন্য ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2005, 10:16 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠানরত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বিষয়ে মন্ত্রী পর্যায়ের আঞ্চলিক বৈঠকের এক ফাঁকে সে দেশের পররাষ্ট্র মন্ত্রী ড. এন হাসান উইরাজুদাকে তিনি এ অনুরোধ জানান।

অবশ্য দুই দেশের মধ্যে বিমান চলাচল চুক্তি অনেক আগে থেকেই বলবৎ রয়েছে।

আলাপকালে বিগত তিন বছরে দু'দেশের সম্পর্কের ক্ষেত্রে সাধিত ক্রমবর্ধমান উন্নয়নে তাঁরা উভয়েই সন্তোষ প্রকাশ করেন।

দুই দেশের সরকার প্রধানদের পারষ্পরিক সফর বিনিময়কালে স্বাক্ষরিত আটটি চুক্তির বাস্তবায়ন প্রসঙ্গে উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নেবে বলেও সাইফুর রহমান আশা প্রকাশ করেন।

তিনি ইন্দোনেশীয় পররাষ্ট্র মন্ত্রীকে আগামী সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় প্রথম যৌথ কমিশনের বৈঠকে উপস্থিত থাকারও আমন্ত্রণ জানান। বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার যৌথ কমিশনের এটাই প্রথম বৈঠক হতে যাচ্ছে।