রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বকেয়া গ্যাস বিল পরিশোধের নতুন সময়সীমা দিচ্ছে সরকার
সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বকেয়া গ্যাস বিল পরিশোধের জন্যে সরকার নতুনভাবে ১৫ আগস্টকে সর্বশেষ তারিখ ঘোষণা করতে যাচ্ছে। জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহমুদুর রহমান বুধবার একথা জানান।
তিনি বিডিনিউজকে বলেন, আগামী ১৫ আগস্টের মধ্যে বকেয়া বিল পরিশোধ করার জন্যে সকল সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানকে চিঠি পাঠানো হবে।
তিনি আরো জানান, বেসরকারি খাতকে তাদের বকেয়া বিল পরিশোধের জন্যে ৬ মাস সময দেয়া হবে। সংযোগ বিচ্ছিন্নকরণ এড়াতে তাদের ৬ কিস্তিতে সকল বকেয়া বিল পরিশোধ করার সুযোগ দেয়া হবে।
বার বার রিমাইন্ডার দেয়ার পরেও এবছরের মার্চ পর্যন্ত দেশে সরকারি ও বেসরকারি খাতে মোট ১৫৩০ কোটি টাকার গ্যাসবিল বকেয়া থাকায় মাহমুদুর রহমান এ নির্দেশ দিযেছেন।
এর মধ্যে ৮৩০ কোটি টাকা সরকারি খাতে এবং ৭০০ কোটি টাকা বেসরকারি খাতে পাওনা রয়েছে।
মাহমুদুর রহমান বলেন, “বকেয়া বিল আদায়ে ১৫ দিন যথেষ্ট সময় নয়, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমান জুলাইয়ের প্রথম সপ্তায় এ সময়সীমার ঘোষণা দিয়েছিলেন।
ওই নির্দেশের ভিত্তিতে সরকারি ও আধা সায়ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহ কতটা বকেয়া বিল পরিশোধ করেছে তা জানতে বুধবার জ্বালানি উপদেষ্টা তার সচিবালয় কার্যালয়ে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের সাথে বৈঠক করেন।
মাহমুদুর রহমান জানান, ওই নির্দেশের পর প্রতিষ্ঠানগুলোর বকেয়া পরিশোধের মাত্রা মোটেই সন্তোষজনক নয়। ‘আমরা বর্ধিত সময়সীমা বেধে দিয়ে শিগগিরই চিঠি পাঠাচ্ছি।’
তিনি বলেন, এ সময়সীমা শেষ হবার সাথে সাথেই বিল পরিশোধে ব্যর্থদের সকল সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে।
তিনি স্বীকার করেন যে, সার ও বিদ্যুৎ উৎপাদন খাতের বকেয়া বিল আদায করা সত্যিই কঠিন।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অধীনস্ত আধা-সরকারি সংস্থাসমূহ বিল খেলাপীদের তালিকায় শীর্ষে অবস্থান করছে। এদের কাছে মোট পাওনা রযেছে ৪৮৫ কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে রযেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন কর্পোরেশনসমূহ। যাদের কাছে পাওনা ১৭৬ কোটি টাকা।
