২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবকাঠামোর অভাব ও দূর্নীতির কারণে ব্যবসায়ে পরিচালনা ব্যয় বাড়ছে

অবকাঠামো অভাব ও দূর্নীতির কারণে দেশে ব্যবসায়ে পরিচালনা ব্যয় বাড়ছে। একই সঙ্গে অবকাঠামোর অসুবিধার কারণে প্রবৃদ্ধিও বাধাগ্রস্ত হচ্ছে। ঢাকা চেম্বারের উদ্যোগে বুধবার ‘বাংলাদেশে ব্যবসায়িক পরিচালনা ব্যয়’ শীর্ষক আলোচনায় বক্তারা এ কথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 07:07 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

ঢাকা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) ভারপ্রাপ্ত সভাপতি মনজুর উর রহমান রাস্কিনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন এম এইচ রহমান, কামরুল ইসলাম, শহীদুল হক, ফেরদৌস আরা প্রমূখ। সেমিনারে মূল নিবন্ধ পাঠ করেন অধ্যাপক ফিরোজ আই ফারুকী।

মনজুর উর রহমান বলেন, ব্যবসায়িক পরিচালনা ব্যয় বাড়ার জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো (এসএমই) ব্যাপক সমস্যার সম্মূখীন। অথচ শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯০ শতাংশই এসএমই।

ফিরোজ আই ফারুকী বলেন, দূর্নীতি ও অধিক সময় ব্যয়ের কারণে ব্যবসায়ে পরিচালনা ব্যয় বাড়ছে। পাশাপাশি সরকার দীর্ঘদিন ধরে উচ্চ হারে ভ্যাট আদায় করছে। এ হার বিশ্বে সর্বোচ্চ। 

তিনি দেশীয় শিল্প সংরক্ষণে সরকারের কাউন্টার ভেলিং শুল্ক এবং এন্টি ডাম্পিং অধিক কার্যকর করার সুপারিশ করেন।       

ডিসিসিআই’র সাবেক সভাপতি এম এইচ রহমান বলেন, দ্রুত শিল্পায়নের জন্য সরকারের অবকাঠামো খাতে উন্নয়নের প্রয়োজন। ব্যবসায়ে পরিচালনা ব্যয় হ্রাসের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে দেশীয় পন্য প্রতিযোগীতাপূর্ণ হয়ে উঠবে।

সেমিনারে আলোচকরা বিদুৎ ও বন্দর উন্নয়নের প্রতি গুরুত্ব আরোপ করেন।