২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ও আশেপাশের বেশিরভাগ বস্ত্র কারখানা পরিবেশ দূষণ ঘটাচ্ছে

পরিবেশ অধিদপ্তরের পাঁচ দিনব্যাপী পরিদর্শন শেষে দেখা যায়, রাজধানী ও আশেপাশের বেশিরভাগ বস্ত্র কারখানা পরিবেশ আইনের সাথে সঙ্গতিপূর্ণ তো নয়-ই, বরং এগুলো পরিবেশে দূষণ ঘটাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2005, 08:57 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

পরিবেশ অধিদপ্তরের এক সূত্র জানায়, অধিদপ্তর জুলাইয়ের ২৮ তারিখ থেকে আগস্টের ২ তারিখ পর্যন্ত পরিদর্শন কর্মসূচি চালায়। এ সময়ে তারা ৬৮ টি কারখানার বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং  পরিবেশ সংরক্ষণ বিধি, ১৯৯৭-এর আওতায় মামলা দায়ের করে।

এমনিতেই দেশের শীর্ষ রপ্তানি আয়ের খাত গার্মেন্টস শিল্প  শ্রমিকদের বিভিন্ন মানবিক ও সামাজিক চাহিদার প্রতি অবহেলা দায়ে অভিযুক্ত হয়ে আছে, তার ওপর নতুন এই অভিযোগ বস্ত্র খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরিবেশ আইন অনুযায়ী আইন অমান্যকারীর সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা অথবা ১০ বছরের কারাদণ্ড প্রদানের বিধান রয়েছে।

পাঁচটি ভ্রাম্যমাণ পরিদর্শক দল তেজগাঁও, মিরপুর, আব্দুল্লাহপুর, গাজীপুর, শ্রীপুর, রূপনগর এবং কালিয়াকৈরের ৯০ টি কারখানা পরিদর্শন করে।

অধিদপ্তরের এক উচ্চ পদস্থ কর্মকর্তা ও পরিদর্শক দলের সদস্য জানান, পরিদর্শনকালে দেখা যায় এ সমস্ত কারখানার কারণে আশপাশের নদী-জলাশয় ও বাতাস দূষিত হচ্ছে। যা জনস্বাস্থ্য ও জৈববৈচিত্র্যের  জন্য হুমকিস্বরূপ। ডায়িং, নিটিং এবং ওভেন গার্মেন্টস উৎপাদনের সাথে জড়িত কারখানাগুলো অতি মাত্রায় বিষাক্ত উপাদানে ভরা অশোধিত তরল বর্জ্য নিঃসরণ করছে। এতে বাতাসে সৃষ্টি হচ্ছে মারাত্মক দূষণ। পরিদর্শকদল কিছু কিছু কারখানায় স্বাস্থ্যসম্মত উৎপাদন পরিবেশের অভাবও লক্ষ্য করেছে।

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদ আহমেদ বিডিনিউজকে বলেন, এটা মাত্র শুরু। আগামীতে সারা দেশের সকল কারখানা পরিদর্শন করা হবে।

তিনি জানান, অধিদপ্তর দ’ুটি কমিটি গঠন করেছে, যারা দেশের সকল কারখানার ডাটাবেজ তৈরি করছে।      

কিন্তু কারখানা মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, পরিদর্শনকালে যে সমস্ত কারখানাকে অভিযুক্ত করা হয়েছে সেগুলো পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ প্রণয়নের আগেই স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স এণ্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি আনিসুল হক বলেন,  কারখানাগুলো যেহেতু অনেক আগের, তাই পরিবেশ আইনের সাথে সঙ্গতি স্থাপনের জন্য মালিকদের আরও বেশি সময় দেওয়া উচিত।

অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের (বিটিএমএ) এক নেতা বলেন, বিদেশী ক্রেতারা সব কিছুর ওপরই নজর রাখছে। নতুন এই ইস্যুতে গার্মেন্টস রপ্তানীতে নেতিবাচক প্রভাব পড়বে। কেননা কারখানাগুলো যে পরিবেশ আইন প্রণয়নের অনেক আগে স্থাপিত, সেটা তো আর তারা জানেন না।