২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের অর্থনীতি এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে: সাইফুর

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সোমবার স্বীকার করেছেন যে, দেশের অর্থনীতি এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2005, 09:07 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

অর্থমন্ত্রী বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর সংসদ সদস্যদের সাথে এক বৈঠকে বলেন, ‘আমি প্রচণ্ড চাপের মধ্যে আছি। আমাদের আমদানিকৃত জ্বালানি তেল ও অন্যান্য দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশের অর্থনীতি এক অস্থির অবস্থায় পড়েছে। 

নিজ নিজ এলাকায় উন্নয়ন প্রকল্প পাওয়ার ব্যাপারে আলোচনা করতে সংসদ সদস্যরা জাতীয় অর্থনৈতিক কাউন্সিল (এনইসি) ভবনে অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।   

জাতীয় অর্থনীতির পরিস্থিতি ব্যাখ্যা করে এসময় সাইফুর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে তেল ও অন্যান্য দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমাদের রপ্তানি বৃদ্ধি না পাওয়ায় আমাদের আমদানি বিল এবং ব্যালান্স অব পেমেন্ট’র (বিওপি) ওপর চাপ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, গত বছর আমাদের ব্যালান্স অব পেমেন্টে উদ্বৃত্ত ছিল। কিন্তু এবছর আমরা ঘাটতির মধ্যে আছি।

চীনকে দেশের জন্য বড় ভাবনার বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা তাদের সাথে প্রতিযোগিতায় পারব না’। তবে দেশের রপ্তানি খাতের ব্যাপারে অর্থমন্ত্রী এখনও আশাবাদী।

অর্থমন্ত্রী বলেন, আমরা আমাদের রপ্তানির বলেই কেবল টিকে আছি।

সংসদ সদস্যরা বরাদ্দ চাইলে মন্ত্রী বলেন, তার হাতে এই মুহূর্তে যথেষ্ট অর্থ নেই।

এ ব্যাপারে তিনি বলেন, ডেভেলপমেন্ট সাপোর্ট ক্রেডিটের তৃতীয় বরাদ্দ বিশ্বব্যাংকের কাছ থেকে এখনও আমাদের হাতে আসেনি।

এই বরাদ্দ জুলাইতে হাতে পাওয়ার কথা ছিল। পরে বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট প্রফুল সি প্যাটেলের বাংলাদেশ সফরের সময় অর্থমন্ত্রী আগস্টের মধ্যে এই বরাদ্দ কামনা করেন। তবে এখনও তা দেশে এসে পৌঁছায়নি।

তিনি বলেন, আমাদের উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক আমাদের সহায্য দিয়ে থাকে। তবে এক্ষেত্রে তারা একের পর এক শর্ত জুড়ে দিচ্ছে।

অর্থনীতিবিদরা দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতির সূচক নেতিবাচক বলে উল্লেখ করছেন। এটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন এ ব্যাপারে অর্থমন্ত্রীকে জিজ্ঞেস করা হলে তিনি সাংবাদিকদের বলেন, মুক্ত বাজার অর্থনীতিতে আমি এটি নিয়ন্ত্রণ করতে পারি না...অর্থবছর ও আর্থিক নীতিমালায় সামঞ্জস্য রক্ষার মাধ্যমে আমাকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।

বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর সাংসদরা ছয়টি খাতে বিশেষত রাস্তাঘাট নির্মাণ, বন্যা ব্যবস্থাপনা ও শিক্ষা ক্ষেত্রে বরাদ্দের দাবি জানান।

তারা নিজস্ব এলাকার রাস্তাঘাটকে এডিবি’র ব্যবস্থাপনা তহবিলের আওতায় নেয়ার দাবি জানালে অর্থমন্ত্রী কৌতুক করে বলেন, আপনারা নতুন রাস্তার চেয়ে ব্যবস্থাপনার দিকেই বেশি আগ্রহী। কেননা তাতে ১০ টাকার মধ্যে দুই টাকা খরচ করে আট টাকা লাভ করা হয়।

তবে তিনি সংসদ সদস্যদের জানান, বর্তমান বাজেটে চার লেনব্যাপী ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সংসদ সদস্যরা সাইফুর রহমানকে জানান, অর্থের অভাবে দাউদকান্দি থেকে ফেনী পর্যন্ত চার লেনব্যাপী সড়ক নির্মাণ ঝুলে আছে।