২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদীতে টাটার জমি অধিগ্রহণের কথা অস্বীকার করলেন শিল্পমন্ত্রী

ঈশ্বরদীতে টাটার জন্যে প্রস্তাবিত জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে বলে বিভিন্ন প্রত্রিকায় যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী রোববার তা প্রত্যাখ্যান করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 09:23 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

দৈনিক সংগ্রামে প্রকাশিত এ রিপোর্ট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি সম্পূর্ণ ভিত্তিহীন।

শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, টাটার সঙ্গে চুক্তি সম্পর্কে বিস্তারিত জানানো হবে চুক্তি স্বাক্ষরের সময়।

তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের সঙ্গে টাটার প্রতনিধিবৃন্দ শুধুমাত্র প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন। চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়া মাত্র শুরু হয়েছে।

মন্ত্রী এবং ক্ষমতাসীন জোট সরকারের অংশ জামাতের আমীর নিজামী বলেন, বিনিয়োগ সংক্রান্ত আলোচনা এগিয়ে নিতে টাটার একটি প্রতিনিধি দল আগামী সপ্তাহে ঢাকায় আসবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ চিনি এবং খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) ২০০৪-০৫ সালে চিনিকলগুলোতে আখের অভাবে চিনির উৎপাদন লক্ষ্যমাত্র পূরণে ব্যর্থ হয়েছে।

মন্ত্রী আখের অভাবের কারণ হিসেবে গুড় উৎপাদনকারিদের দায়ি করেছেন। কেননা তারা উচ্চমূল্যে চাষীদের কাছ থেকে আখ কিনে গুড় উৎপাদন করেছে।

তিনি বলেন, বিএসএফআইসি ২০০৪-০৫ অর্থবছরে ১ দশমিক ৭ লাখ মে.টন লক্ষ্যমাত্রার বিপরীতে ১ দশমিক ৬ লাখ মে.টন চিনি উৎপাদন করে।

তবে তিনি বলেন, ২০০৩-০৪ অর্থবছরে বিএসএফআইসি ৫ কোটি ৮৭ লাখ টাকা লোকসান দিয়েছিল। ২০০৪-০৫ অর্থবছরে এই ক্ষতির পরিমাণ হ্রাস পেয়ে ২ কোটি ৫৫ লাখ টাকায় দাঁড়িয়েছে।

মন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, ২০০৪-০৫ অর্থবছরে দেশে প্রায় দশ লাখ মে.টন লবন উৎপাদিত হয়েছে। এটি গত বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি।